অনুপ্রবেশকারীদের তাড়ানোর ঘোষণা অমিত শাহর

পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চালু করে সেখান থেকে অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আজ শুক্রবার আলিপুরদুয়ার জেলায় এক নির্বাচনী সভায় তিনি এই কথা বলেন।
জেলা শহরের প্যারেড গ্রাউন্ডে ওই নির্বাচনী সভার আয়োজন করে বিজেপি। মোট সাত দফায় সম্পন্ন হতে যাওয়া ভারতের লোকসভা নির্বাচন আগামী ১১ এপ্রিল শুরু হবে। জলপাইগুড়ি বিভাগের আলিপুরদুয়ার জেলার এই আসনে প্রথম দিনই নির্বাচন হবে।
অমিত শাহ তাঁর বক্তব্য বলেন, ‘পশ্চিমবঙ্গে মমতার দিন শেষ। এবার এই রাজ্য থেকে উপড়ে ফেলা হবে তৃণমূলকে। এই রাজ্যে এবার বিজেপি ২৩ আসন পাবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘এবার এই বাংলায় চালু করা হবে জাতীয় নাগরিকপঞ্জি। অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে তাড়ানো হবে এই রাজ্য থেকে। তবে তাড়ানো হবে না এই রাজ্যের উদ্বাস্তু বা শরণার্থীদের। তাঁদের আশ্রয় দেওয়া হবে। দেওয়া হবে নাগরিকত্ব। নাগরিকত্ব বিল পাস করে দেওয়া হবে তাদের এই অধিকার।’
অমিত মমতার উদ্দেশে আরও বলেন, ‘মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন। কমিউনিস্টদের তাড়িয়ে ছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে কমিউনিস্টরাই ভালো ছিল। বাংলার মা-মাটি-মানুষ থেকে মমতা চলে গেছেন, মাটি এখন অনুপ্রবেশকারীদের দখলে, মানুষ এখন সন্ত্রাসে ত্রস্ত।’
অমিত শাহ বলেন, ‘এই নির্বাচন শুধু দেশ নয়, বাংলার জন্যও খুব গুরুত্বপূর্ণ। মমতার সন্ত্রাস থেকে কেউ যদি বাংলা বাঁচাতে পারেন তিনি হলেন নরেন্দ্র মোদি। তাই এই বাংলা থেকে উপড়ে ফেলতে হবে তৃণমূলকে। কারণ বাংলায় আগামীতে গণতন্ত্র থাকবে কি না, তা ঠিক করবে এই নির্বাচন।’
অমিত শাহ আরও বলেন, ‘মোদিজি পাকিস্তানে ঢুকে জঙ্গি তাড়িয়েছেন। জঙ্গি মেরেছেন। কিন্তু এতে রাগ হওয়া উচিত পাকিস্তানের। কিন্তু মমতা কেন রাগ দেখাচ্ছেন?’ তিনি মমতার উদ্দেশে বলেন, ‘মাদ্রাসাকে ৪ হাজার কোটি রুপি দিলেন। অথচ ডাক্তার-ইঞ্জিনিয়ারদের গুরুত্ব দিলেন না। রাজ্যে এবার উর্দু ভাষা চাপানোর চেষ্টা চলছে।’