অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি
ভারতে বিশ্বহিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাড়িয়া বলেছেন, অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। তাঁদের না ফেরালে সেনা অভিযান উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
গতকাল শনিবার কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তোগাড়িয়া।
বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের সে দেশে ফেরানো, কাশ্মীরের জন্য আরোপিত সংবিধানের ৩৭০ ধারা বাতিল, অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণ ইত্যাদি কর্মসূচি নিয়ে দেশজুড়ে প্রচারের অংশ হিসেবে কলকাতায় আসেন বিশ্বহিন্দু পরিষদের সভাপতি।
সংবাদ সম্মেলনে তোগাড়িয়া বলেন, ১৯৫১ সালের পর বাংলাদেশ থেকে যে সংখ্যালঘুরা ভারতে এসেছেন, তাঁদের ফিরে যেতে হবে। বাংলাদেশ তাঁদের না ফেরালে সামরিক অভিযানের হুমকিও দেন তিনি।
তবে তোগাড়িয়া উল্লেখ করেন, অত্যাচারিত হয়ে যাঁরা এ দেশে এসেছেন, তাঁরা শরণার্থী হিসেবেই থাকবেন। আর যাঁরা অনুপ্রবেশকারী হিসেবে আছেন, তাঁদের ফিরে যেতে হবে বাংলাদেশে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে উদ্দেশ করে বিশ্বহিন্দু পরিষদের সভাপতি বলেন, অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করা হবে।
তোগাড়িয়ার মন্তব্যকে উসকানিমূলক বলে অভিহিত করেছে তৃণমূল কংগ্রেস ও বামদল। এমনকি রাজ্য বিজেপিও তোগাড়িয়ার মন্তব্য সরাসরি সমর্থন করেনি।