অনেক চ্যালেঞ্জের মুখেই পড়েছি, ভেঙে পড়িনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ু রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী সদ্য জামিনে কারামুক্ত জয়রাম জয়ললিতা বলেছেন, তিনি জীবনে অনেক চ্যালেঞ্জেরই সম্মুখীন হয়েছেন, কিন্তু ভেঙে পড়েননি। রাজ্যের মানুষের ভালোবাসায় এসব চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গেই কাটিয়ে উঠেছেন। খবর পিটিআই।
অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে দণ্ড পাওয়া জয়ললিতা ২১ দিন কারাগারে কাটানোর পর গত শনিবার সুপ্রিম কোর্টের জামিনে মুক্তি পান। কারাগার থেকে বেরিয়ে গতকাল রোববার দেওয়া প্রথম বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
এআইএডিএমকে দলের প্রধান জয়ললিতা (৬৬) দলীয় কর্মীদের আশ্বস্ত করে বলেন, জীবনে যেহেতু সফলতার সঙ্গে অনেক সমস্যাই মোকাবিলা করেছেন তিনি, তাই বর্তমান পরিস্থিতি থেকেও একদিন বেরিয়ে আসবেন। তাঁর রাজনৈতিক জীবন ‘নরক সমুদ্রে সাঁতরানোর সমতুল্য’ বলেও মন্তব্য করেন দক্ষিণ ভারতের এ প্রভাবশালী নেত্রী।
সাবেক মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁর ‘বর্তমান পরিস্থিতির’ কারণে (মামলায় কারাদণ্ড পাওয়ার পর) ১৯৩ জন প্রাণ দিয়েছেন। এ ছাড়া আরও তিন ব্যক্তির আত্মহনন চেষ্টার বিষয়েও তিনি উদ্বিগ্ন। দলের তরফে প্রকাশ করা মৃত এই ব্যক্তিদের তালিকা প্রকাশ করে বলা হয়, ১৩৯ জন মারা গেছেন হার্টঅ্যাটাকে। আর বাকিরা আত্মহত্যা করেছেন।
অবৈধভাবে প্রায় ৬৭ কোটি রুপি সম্পদ অর্জনের মামলায় চার বছরের কারাদণ্ডাদেশ পেয়েছেন জয়ললিতা।