অন্ধ্র প্রদেশে পদদলিত হয়ে ২৭ তীর্থযাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশে পদদলিত হয়ে ২৭ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। রাজ্যের রাজামুন্দ্রি জেলায় গোদাবরী নদীতে পূন্যস্নানের জন্য জড়ো হওয়া পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি লেগে গেলে আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের অধিকাংশই নারী।

মহা পুষ্করালু উৎসব উপলক্ষে গোদাবরীর তীরে ১২ দিনব্যাপী এ উৎসব চলবে। এতে ২ কোটি ৪০ লাখ মানুষ অংশ নেবে বলে মনে করা হচ্ছে। খবর বিবিসির।

রাজামুন্দ্রি জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা শ্রীনিবাসন রাও বলেন, পাপ মুক্তির আশায় শুভ তিথিতে স্নান করার জন্য হুড়োহুড়ি লেগে গেলে মানুষ পদদলিত হয়।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও আজ সকালেই এখানে স্নান সারেন। মুখ্যমন্ত্রী একাধিক টুইটার বার্তায় জানান, এ ঘটনা তিনি নিজেও পর্যবেক্ষণ করছেন। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানান তিনি।