অন্ধ্রের জলে মিশছে না তেলেঙ্গানার তেল

অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হওয়ার পরও ভারতের নতুন রাজ্য তেলেঙ্গানার জটিলতা কাটেনি। এখনো বৈষম্যের শিকার তেলেঙ্গানা। বিভিন্ন বিষয়ে অন্ধ্রপ্রদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়ছেই। দুই রাজ্যের রাজধানী এখনো অভিন্ন। হায়দরাবাদ নগরকেই দুটি রাজ্য রাজধানী হিসেবে ব্যবহার করছে। এসব বিষয় নিয়ে দুই রাজ্যের মধ্যে শিক্ষা, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ বা মালিকানা ভাগ করে দেওয়া হয়নি। তেলেঙ্গানার অভিযোগ, এসব প্রতিষ্ঠান থেকে লাভের গুড় খাচ্ছে অন্ধ্রপ্রদেশ।
২০১৪ সালের ২ জুন অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে তেলেঙ্গানা। কিন্তু বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মালিকানা এখনো দুই রাজ্যের মধ্যে ভাগ করে দেওয়া হয়নি। এ বছরের ২ জুনের মধ্যে মালিকানার বিষয়টি সুস্পষ্ট করার কথা ছিল। তা নিয়ে চলছে নানা টালবাহানা।
২০১৪ সালের অন্ধ্রপ্রদেশ রি-অরগানাইজেশন অ্যাক্ট অনুসারে শিডিউল টেন নামে একটি তালিকা করা হয়েছে। সেখানে ১৪২টি প্রতিষ্ঠানের নাম রয়েছে। শিডিউল টেনের তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানগুলো অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার নিয়ন্ত্রণে থাকবে। দুই রাজ্যের সরকারই এসব প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবে। কিন্তু অন্ধ্রপ্রদেশ শিডিউল টেনের তালিকাভুক্ত ১০৪টি প্রতিষ্ঠানের প্রধানদের ব্যাংকে রাখা অর্থ তাদের সরকারের কোষাগারে বা কেন্দ্রীয় ব্যাংকে দিতে বলেছে। তেলেঙ্গানার সরকার এতে ক্ষুব্ধ। তাদের অভিযোগ, এতে তেলেঙ্গানাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ১০৪টি প্রতিষ্ঠানের অর্থ যেন অন্ধ্রপ্রদেশে যেতে না পারে। এ ব্যাপারে নজরদারি বাড়াতে হবে বলেও জানিয়েছেন রাও।
তেলেঙ্গানার অভিযোগ, শিডিউল টেনের মাধ্যমে তেলেঙ্গানা থেকে জনশক্তি, সম্পদ ও অর্থ অন্ধ্রপ্রদেশের দখলে নেওয়ার ষড়যন্ত্র চলছে। তেলেঙ্গানার পরিকল্পনা উপদেষ্টা এ কে গোয়েল বলেন, চোখে ধুলা দিয়ে সম্পদ দখলের চেষ্টা চলছে। এর উদাহরণ দিয়ে তিনি বলেন, অন্ধ্রপ্রদেশের গান্তুর জেলায় ২০১৩-১৪ সালে তিন লাখ হেক্টরেরও বেশি জমিতে খালের পানির মাধ্যমে সেচ দেওয়ার ব্যবস্থা করা হয়। পুরো তেলেঙ্গানায় মাত্র দুই লাখ হেক্টর জমিতে খালের পানি দিয়ে সেচব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে। এতে বৈষম্যের ব্যাপারটি স্পষ্ট বলে তিনি জানান।
তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের রাজনীতিবিদ ও আমলারা একে অন্যকে বিশ্বাস করেন না। এ কারণে শিডিউল টেন নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব বেড়েই চলেছে। দুই রাজ্যের মধ্যে পারস্পরিক অবিশ্বাস যে কত বেশি, এর প্রমাণ মেলে জুন মাসের একটি ঘটনায়। হায়দরাবাদের গাচিবোলিতে সুশাসনবিষয়ক কার্যালয় সেন্টার ফর গুড গভর্নেসে (সিজিজি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন আইএস কর্মকর্তা মুকেশ কুমার মিনা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নাইডু তাঁকে নিয়োগ দেন। তাঁর ওপর নজরদারি করতে তেলেঙ্গানার বিশেষ পুলিশ বাহিনী জঙ্গলে অবস্থান নেয়। তেলেঙ্গানার কর্মকর্তাদের অভিযোগ, তাঁদের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আগেই একজন মহাপরিচালককে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু তাঁকে সরিয়ে দিয়ে নতুন মহাপরিচালক নিয়োগ করেছেন নাইডু।
তেলেঙ্গানার দাবি, সিজিজি শিডিউল টেনের তালিকাভুক্ত প্রতিষ্ঠান। তাই সিজিজি তেলেঙ্গানা রাজ্য ও অন্ধ্রপ্রদেশে সুশাসন নিশ্চিত করতে বাধ্য। আর যেকোনো পরিবর্তন আনতে গেলে শিডিউল টেনের নিয়ম অনুসারে সিজিজিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। সিজিজি বোর্ডের চেয়ারম্যান নাইডুর সিদ্ধান্তেই সবকিছু পরিচালিত হচ্ছে।
এসব জটিলতা দূর করতে শিডিউল টেনের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকানা বা নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা স্পষ্ট করা জরুরি। কিন্তু এখন পর্যন্ত শিডিউল নাইনের তালিকাভুক্ত ৯০টি সরকারি বিভাগের নিয়ন্ত্রণ-সংক্রান্ত জটিলতা দূর হয়নি। টেনের মীমাংসার সময়সীমার মেয়াদও এক বছর হলো পার হয়ে গেছে। তেলেঙ্গানার একজন জ্যেষ্ঠ আমলা এ নিয়ে হতাশা প্রকাশ করে বলেছেন, অন্ধ্রপ্রদেশের প্রশাসন সক্রিয় না হওয়া পর্যন্ত এই সমস্যা চলতে থাকবে। এমনকি ২০২৪ সাল পর্যন্ত সময় লাগতে পারে।
এ অবস্থায় সরকারি চাকরিজীবীরা একধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাঁরা নিজেদের দায়িত্ব, বিভাগের সম্পদ ও রাষ্ট্রীয় সংস্থার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এমনকি শিডিউল টেনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে কর্মী ও সম্পদের ভাগাভাগি কীভাবে হবে, তাও ঠিক হয়নি।
অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় জনসংখ্যার আনুপাতিক হার রাখতে চায় ৪২: ৫৮। আর তেলেঙ্গানা স্টেট সেক্রেটারিয়েট অ্যাসোসিয়েশন (টিএসএসএ) জনসংখ্যার আনুপাতিক হার রাখতে চায় ১০: ১৩। টিএসএসএর প্রেসিডেন্ট এ পদ্মচারি বলেন, জনসংখ্যার এই অনুপাত রাখলে অন্ধ্রপ্রদেশের চাকরিজীবীরা লাভবান হবেন। এর কারণ হলো তাঁরাই শীর্ষ পদগুলো দখলে রেখেছেন। এতে তেলেঙ্গানার চাকরিজীবীদের পদোন্নতির সুযোগ বন্ধ হয়ে যাবে। এমনকি তরুণেরা নতুন চাকরির সুযোগ কম পাবেন।
অন্ধ্রপ্রদেশের এনজিও অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পারুচুরি অশোক বাবু বলেন, তেলেঙ্গানা থেকে ৮০০ চাকরিজীবীকে অন্ধ্রপ্রদেশে নেওয়া হয়েছে। কারণ তেলেঙ্গানায় চাকরির পদ খালি নেই। এভাবে আলাদা হওয়ার পরও তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে বৈষম্য ও বিভেদ চলছে।
এর মধ্যে আশার কথা হলো, তেলেঙ্গানার রাজ্যপাল ইএসএল নরসিমহান রাজ্যের মুখ্যসচিব রাজীব শর্মাকে একটি নির্দেশনা দিয়েছেন। ওই নির্দেশনায় তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দরাবাদের পত্তি শ্রীরামুলু তেলেগু বিশ্ববিদ্যালয় ও ড. বি আর আম্বেদকার ওপেন ইউনিভার্সিটির মধ্যে অভিন্ন ভর্তিপরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। এই দুটি বিশ্ববিদ্যালয় শিডিউল টেনের তালিকাভুক্ত। এতে বৈষম্য কিছুটা কমবে বলে আশা করা যাচ্ছে। ইন্ডিয়া টুডে অবলম্বনে