ভারতের শাসক দল বিজেপি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে নাগরিকত্ব আইন সংশোধনী বিল পেশ করল। গত মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লোকসভায় এই বিল পেশ করে বলেন, এই আইন সংশোধিত হলে প্রতিবেশী দেশগুলো থেকে চলে আসা সংখ্যালঘুরা সাত বছর ভারতে থাকলেই নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবে। প্রচলিত আইনে এ জন্য ১২ বছর অপেক্ষা করতে হয়।
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে বেশ কয়েক বছর ধরে হিন্দু, খ্রিষ্টান, শিখ, বৌদ্ধ ও জৈন, পার্সি সম্প্রদায়ের অনেকেই ভারতে এসেছে। এ দেশের বিভিন্ন রাজ্যে তারা রয়েছে। গত লোকসভার নির্বাচনী প্রচারে বিজেপি এই দেশত্যাগীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেই প্রতিশ্রুতি রক্ষা
করতেই ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের সংশোধনী বিল পেশ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান আইন অনুযায়ী ১২ বছর অপেক্ষা করতে হতো বলে ভারতে আসা সংখ্যালঘু মানুষজনের দুর্গতির শেষ নেই। নাগরিকেরা যেসব সুবিধা পেয়ে থাকে, তারা সেসব থেকে বঞ্চিত হচ্ছিল। এই অবস্থার সুরাহার জন্যই নতুন সংশোধনী। এই সংশোধনীর ফলে সাত বছর অবস্থানের পরই এই সংখ্যালঘুরা নাগরিকত্ব অর্জন করতে পারবে।
লোকসভা নির্বাচনের দলীয় ইশতেহারেও বিজেপি এই প্রতিশ্রুতি দিয়েছিল। বলা হয়েছিল, প্রতিবেশী ওই দেশগুলো থেকে যে সংখ্যালঘুরা বিতাড়িত হচ্ছে, ভারত তাদের আশ্রয় দেবে। এ কথাও বলা হয়েছিল, ভারতই বিশ্বের সব হিন্দুর একমাত্র আশ্রয়স্থল। তাই সীমান্তপারের মুসলমানদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হলেও হিন্দুদের উদ্বাস্তু গণ্য করা হবে। প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি বিভিন্ন জনসভায় বলেছিলেন, এই দেশগুলোতে যেসব হিন্দু বা ভারতীয় বংশোদ্ভূত সংখ্যালঘু অত্যাচারিত হচ্ছে, তারা ভারতেই নিরাপদ আশ্রয় খুঁজবে। তাদের আশ্রয় দেওয়া সব ভারতবাসীর কর্তব্য।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই মুহূর্তে নাগরিকত্ব পেতে আগ্রহী সংখ্যালঘুদের সংখ্যা দুই লাখের মতো। সরকার ১৫ আগস্টের মধ্যে তাদের নাগরিকত্ব দিতে আগ্রহী।