অন্য রকম মায়ের গর্ভে যমজ সন্তান
যমজ সন্তান জন্ম দেওয়া পৃথিবীতে বিরল কোনো ঘটনা নয়। কিন্তু সেই সন্তান যদি এমন কোনো মানুষের গর্ভ থেকে জন্ম নেয়, যিনি দেখতে নারীর মতো হলেও তাঁর শরীরে পুরুষের মতো বৈশিষ্ট্যই বেশি? এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ভারতের মিরাট শহরে।
আজ সোমবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ৩২ বছর বয়সী ওই ব্যক্তির দেহের ৯৫ শতাংশ ক্রোমোজোম পুরুষের (এক্স ওয়াই ক্রোমোজোম)।
চিকিৎসক সুনীল জিনদালের ভাষ্য, ওই ব্যক্তির দেহে নারীর মতো কিছু অঙ্গের অস্তিত্ব টের পাওয়া যায়। এরপর প্রায় এক বছর ধরে হরমোনসহ নানা ধরনের চিকিৎসার মধ্যে থাকার পর তাঁর জরায়ু গর্ভধারণের উপযুক্ত হয়। এরপর তাঁর স্বামীর শুক্রাণু এক নারীর দান করা ডিম্বাণুর সঙ্গে সংমিশ্রণ ঘটিয়ে ওই ‘নারীর’ জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। গত শুক্রবার তিনি যমজ ছেলে ও মেয়ে শিশুর জন্ম দিয়েছেন। এই শিশুদের একজনের ওজন সোয়া দুই কেজি, অন্যজনের ওজন আড়াই কেজি।
চিকিৎসক সুনীল জিনদাল জানান, ওই ‘নারীর’ কখনো বয়ঃসন্ধি ঘটেনি।
তিনি আরও জানান, তিনিসহ চিকিৎসকদের একটি দল গবেষণা করে জানতে পেরেছেন, পৃথিবীতে এ ধরনের গর্ভধারণের ঘটনা ঘটেছে মাত্র পাঁচটি।