অন্য রাজ্যেও হবে এনআরসি: অমিত শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ছবি: রয়টার্স
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ছবি: রয়টার্স

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, আসামের মতো ভারতের অন্য রাজ্যেও অনুপ্রবেশ রুখতে এনআরসি (জাতীয় নাগরিক পঞ্জি) কার্যকর হবে। গতকাল সোমবার অমিত শাহ রাজ্যসভায় জম্মু ও কাশ্মীরের সংশোধনী বিলের ওপর আলোচনায় এ কথা বলেছেন।

বিলটির বিতর্কের জবাব দিতে গিয়ে অমিত শাহ বলেন, ভারতে নাগরিকত্ব আইন পাস করিয়ে আসামের সমস্ত হিন্দু অনুপ্রবেশকারীকে শরণার্থী তকমা দিয়ে তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। এরপর নতুন রাজ্যে এনআরসি চালু করতে নামবে কেন্দ্রীয় সরকার।

এর আগে এই বিলের বিতর্কে যোগ দিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, জম্মু ও কাশ্মীরের সংশোধনী বিল পাস হলে জম্মুর তিন লাখ হিন্দু উপকৃত হবেন। তৃণমূল এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। তবে আসামে এনআরসির ফলে যে ১৭ লাখ বাঙালি হিন্দু নাগরিককে অনুপ্রবেশকারী বানানো হয়েছে, তাদের কথা কেন ভাবছে না সরকার? এরপরেই ওই মন্তব্য করেন অমিত শাহ।

এ সময় ঝাড়খন্ড রাজ্যের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও অমিত শাহর সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্ত হয়েছে। ফলে, পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডের বহু জেলায় জনবিন্যাস পাল্টে গেছে। এই লক্ষ্যে তিনি এই দুই রাজ্যে এনআরসি কার্যকর করার দাবি করেন।