অপরাজিতা এক মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪২ বছর আগে কোল আলো করে এসেছিল ছেলে। একটু বড় হতেই মা বুঝতে পারলেন, ছেলেটি ঠিক স্বাভাবিক নয়। তার বিকাশ আর দশটা শিশুর মতো নয়। এরপর হাসপাতাল, চিকিৎসকদের কাছে দৌড়াদৌড়ি। এভাবেই কেটে যায় সময়। মায়ের সব মনোযোগ কেড়ে নেয় বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটি। আস্তে আস্তে বেড়ে ওঠে। মা বুকে আগলে রাখেন তাকে। সময় যেতে থাকে। ছেলেটির শৈশব পেরিয়ে কৈশোর আসে। যৌবনও পার হয়ে যায় যায়। ছেলেকে সামলাতে সামলাতে মায়েরও চুলে পাক ধরে, দাঁত পড়ে যায় কিন্তু মা টের পান না। ছেলেকে একটু ভালো রাখতে তাঁর নিরন্তর লড়াই।

ভারতের উত্তরাখণ্ডের এই মায়ের বয়স এখন ৭৫। ছেলেটিও ৪২ বছরে পা রেখেছেন। বার্ধক্যজনিত নানা রোগ বাসা বেঁধেছে মায়ের শরীরে। হৃদযন্ত্রেও গোলযোগ দেখা দিয়েছে। কিন্তু সেদিকে নজর দেওয়ার সময় কই? এখন তো মায়ের দায়িত্ব আরও বেড়েছে। এত দিন স্বামীসহ দুজনে মিলে অসুস্থ ছেলেটির দেখাশোনা করতেন। চার বছর আগে হারিয়েছেন জীবনসঙ্গীকে। ছেলের সব দায়িত্ব এখন তাঁর। তাতে ভয় পান না বৃদ্ধা মা। সময়মতো ছেলেকে গোসল করান, খাইয়ে দেন, নিয়ম করে সন্ধ্যাবেলা হাঁটতে নিয়ে যান। ছেলে একটু হাসলেই সব ক্লান্তি দূর হয়ে যায় জীবনের শেষ প্রান্তে পৌঁছে যাওয়া মায়ের।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিপ্রতিবন্ধী ছেলেটির অস্থিরতা যেন কিছুটা বেড়েছে। আচমকা উত্তেজিত হয়ে ওঠেন তিনি। চিরচেনা মা-ও তখন অচেনা হয়ে ওঠেন। মাকে ধাক্কা দেন, মারতে যান, চড়থাপ্পড় মারতে শুরু করেন। এমনি এক সন্ধ্যাবেলা কিছুতেই ছেলেকে ঠান্ডা করতে পারছিলেন না মা। নানির বাসায় বেড়াতে আসা নাতনি তখন চিৎকার করে বাড়ির নিরাপত্তারক্ষীকে ডাকেন। তিনি এসে ছেলেটিকে সামলান। এই বয়সে মানসিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে নানির একা থাকাটা নিরাপদ মনে হচ্ছিল না নাতনির। জোর করে ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে যান তিনি। চিকিৎসক বলেন, স্নায়বিক কারণেই ছেলের এমন অস্থিরতা। কিছু ওষুধ দেন তিনি। একই সঙ্গে বৃদ্ধা মাকে ছেলেকে নিয়ে একা থাকতে বারণ করেন। কিন্তু মা তা শোনার পাত্রী নন। রীতিমতো রুখে দাঁড়ান তিনি। ছেলে যদি মেরে ফেলে, মরবে। কিন্তু এই বয়সে অসহায় ছেলেকে ছাড়তে রাজি নন।

ছেলেটির বাবা মারা যাওয়ার পর তাঁর বোন ও অনেক আত্মীয় বৃদ্ধা মাকে পরামর্শ দিয়েছিলেন ছেলেকে কোনো পুনর্বাসনকেন্দ্রে পাঠিয়ে দিতে। মা এতে কান দেননি। ছেলেই তাঁর জীবন। নিজের বেঁচে থাকার একমাত্র কারণ। মা বিশ্বাস করেন, ছেলের যত্ন নেওয়ার জন্যই তাঁকে বেঁচে থাকতে হবে।

এই বৃদ্ধা মাকে স্যালুট জানিয়েছেন তাঁর নাতনি। তাঁর মতো অন্য সব মাকে স্যালুট। এই মায়েদের কথা হয়তো কোথাও লেখা হয় না, এ কাজের জন্য কোনো পুরস্কার নেই, রাষ্ট্রের কোনো স্বীকৃতিও নেই। কিন্তু এই মায়েরাই অপরাজিতা। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।