অপরাধীদের বিচারের আশ্বাস অখিলেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের দাদরি এলাকার বিসাদা গ্রামে গরুর মাংস খাওয়ার গুজবকে কেন্দ্র করে সহিংসতায় নিহত মোহাম্মদ ইকলাখের পরিবারের সদস্যদের সঙ্গে লক্ষ্ণৌয়ে গতকাল রোববার দেখা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি ওই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের বিচারের আশ্বাসও দেন। খবর পিটিআইয়ের।
বিসাদা গ্রামে নিজ বাড়িতে গত সোমবার শতাধিক লোকের হামলায় নিহত হন ৫০ বছর বয়সী ইকলাখ। গুরুতর আহত হন তাঁর ছেলে দানিশ। ইকলাখের মা আসগারি, ভাই মোহাম্মদ আফজাল ও মেয়ে শাইস্তার সঙ্গে দেখা করার পর অখিলেশ বলেন, তাঁদের দুঃসময়ে পাশে রয়েছে রাজ্য সরকার। তাঁর দল সমাজবাদী পার্টি কখনোই এ ধরনের ঘটনা নিয়ে রাজনীতি করবে না।
নিহত ইকলাখের পরিবারের জন্য সরকারি আর্থিক সহায়তার পরিমাণ ২০ লাখ থেকে বাড়িয়ে ৩০ লাখ রুপি করারও ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী অখিলেশ। পাশাপাশি ইকলাখের তিন ভাইকেও জনপ্রতি পাঁচ লাখ রুপি করে দেওয়া হবে।
রাজনৈতিক রং চড়াবেন না: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গতকাল নয়াদিল্লিতে সাংবাদিকদের উদ্দেশে বলেন, গরু খাওয়ার গুজবের জেরে হত্যার ঘটনাটি ‘দুর্ভাগ্যজনক’ এবং এতে কোনো ‘সাম্প্রদায়িক রং’ দেওয়া উচিত নয়।