অপর্ণার ওপর চটেছে বিজেপি
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফে) কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী অপর্ণা সেন। গত সোমবার কলকাতায় বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম) আয়োজনে কলকাতা প্রেসক্লাবে বক্তব্য দেন তিনি। তাঁর এমন বক্তব্যে চটেছেন বিজেপির নেতারা। বিজেপি নেতারা বলছেন, বক্তব্য প্রত্যাহার না করলে মামলা হবে অপর্ণার বিরুদ্ধে।
অপর্ণা সেন বিএসএফের সমালোচনা করায় ক্ষেপে যান বিজেপি নেতা ও আইনজীবী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এরপর তাঁর আইনজীবী পৃত্থীজয় দাশ একটি উকিল নোটিশ পাঠান অপর্ণা সেনকে। এই চিঠিতে বলা হয়েছে, বিএসএফের সমালোচনা করে অপর্ণা সেনের দেওয়া বক্তব্য আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নয়তো তাঁর বিরুদ্ধে মামলা করা হবে। নোটিশদাতার দাবি, অপর্ণা সেন বিএসএফকে খুনি ও ধর্ষক বলে অপমান করেছে। এসব বক্তব্যের জন্য অপর্ণা সেনকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।
এদিকে রাজ্য বিজেপি এ ঘটনার পর বিএসএফের পাশে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে উপস্থিত হন কলকাতার নিউটাউনের বিএসএফ দপ্তরে। নিয়ে যান বিজেপির প্রতীক পদ্মফুল আর মিষ্টির হাঁড়ি। মিষ্টিমুখ করান বিএসএফ সদস্যদের। তৃণমূল কংগ্রেসের হয়ে ক্ষমাও চান তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, যখন জীবন বাজি রেখে বিএসএফ দেশবাসীকে নিশ্চিন্তে ঘুমানোর সুযোগ করে দেয়, তখন রাজ্যের শাসক দল তাদের অপমান করছে। বাহিনীর বিরুদ্ধে তৃণমূল যে শব্দ প্রয়োগ করেছে, তা কোনো দেশপ্রেমিক করতে পারেন না।
এর পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেছেন, বিজেপির এ উদ্যোগের পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। আর সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, রাজ্য পুলিশ তৃণমূল নেতাদের পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছে আর এবার কেন্দ্রীয় বাহিনী (বিএসএফ) বিজেপি নেতাদের পাহারা দেবে।
এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও আসামের সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নজরদারি এলাকা ১৫ থেকে ৫০ কিলোমিটার করার সিদ্ধান্তের বিরোধিতা করছেন পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যথাক্রমে চরণজিৎ সিং চন্নী ও মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের বিরুদ্ধে এই দুই রাজ্যের বিধানসভায় প্রস্তাব আনা হয়েছে। সীমান্তে নজরদারি বাড়ানোর প্রস্তাব ইতিমধ্যে খারিজ হয়ে গেছে এই দুই বিধানসভায়। এ ছাড়া সীমানা বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করার দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও চরণজিৎ।
কলকাতার বুদ্ধিজীবীরাও মেনে নিতে পারেনি বিএসএফের নজরদারি বাড়ানোর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে। গত সোমবার মাসুম কলকাতা প্রেসক্লাবে বিএসএফের এই নজরদারি এলাকা বাড়ানোর পরিপ্রেক্ষিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেই সম্মেলনে যোগ দেন কলকাতার অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক অপর্ণা সেন। এ সময় বিএসএফের এখতিয়ার বৃদ্ধি ও তাদের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলেন তিনি।