অবরোধ আর পাল্টা অবরোধে নাকাল ত্রিপুরাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক রাজ্যের দাবিতে একদিকে অবরোধ, অন্যদিকে ‘রাজ্য ভাগের চক্রান্ত’ রুখতে পাল্টা অবরোধ—এ দুই মিলিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের ত্রিপুরা রাজ্য। বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যটিতে ১০ জুলাই থেকে পৃথক তুইপ্রাল্যান্ডের দাবিতে চলছে জাতীয় সড়ক ও রেল অবরোধ। এই অবরোধ তুলতে রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে গতকাল মঙ্গলবার আগরতলায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ঘেরাও করে বিজেপি। আর কংগ্রেস আবার আজ বুধবার ১২ ঘণ্টার ত্রিপুরা বন্‌ধের ডাক দিয়েছে।

দার্জিলিংয়ের গোর্খাল্যান্ডের মতো ত্রিপুরায় তুইপ্রাল্যান্ডের দাবিতে সড়ক ও রেল অবরোধ গতকাল নবম দিনে গড়ায়। এর ফলে রাজ্যবাসীর দুর্ভোগ পৌঁছেছে চরমে। উপজাতিদের দল আইপিএফটির এনসি দেববর্মা গোষ্ঠী রাজ্য ভাগের দাবিতে এই আন্দোলনে নেমেছে। রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক ব্যর্থ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দিল্লিতে আজই বৈঠকে বসতে পারেন আইপিএফটি নেতারা। খোদ মুখ্যমন্ত্রী মানিক সরকার দিল্লিতে বৈঠকের জন্য দরবার করেছেন। তবে ইতিমধ্যেই সংবাদ সম্মেলন ডেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, রাজ্য ভাগের দাবি মানা হবে না। এদিকে টানা অবরোধের প্রতিবাদে গতকাল সকালে ত্রিপুরার সিপিএম দলীয় মুখ্যমন্ত্রী মানিক সরকারের আগরতলার সরকারি বাসভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নেন রাজ্য বিজেপির নেতারা। হাজারখানেক কর্মী-সমর্থক নিয়ে তাঁরা মুখ্যমন্ত্রীকে ঘেরাও করে রাখেন।