
তিন দশকের প্রতীক্ষা শেষে সম্পূর্ণ ভারতে তৈরি যুদ্ধবিমান ‘তেজস’ আনুষ্ঠানিকভাবে ভারতীয় বিমানবাহিনীর হাতে অর্পিত হলো। রুশ যুদ্ধবিমান মিগের বিকল্প হিসেবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমান ফরাসি ‘মিরেজ-২০০০’-এর সমকক্ষ বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি।
তিন দশক ধরে তেজস তৈরি হয়েছে বেঙ্গালুরুর হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডে (হ্যাল)।
পরিকল্পনা অনুযায়ী, দুই স্কোয়াড্রন তেজস বিমানবাহিনীর হাতে তুলে দেওয়ার কথা। এক একটি স্কোয়াড্রনে ২০টি করে যুদ্ধবিমান থাকে। গতকাল শুক্রবার দুটি তেজস আনুষ্ঠানিকভাবে বাহিনীতে যুক্ত হয়। তেজসের আনুষ্ঠানিক উড়ানের পর এয়ার কমোডর রোহিত ভার্মা সংবাদমাধ্যমকে বলেন, এই যুদ্ধবিমান মিরেজ-২০০০-এর চেয়ে বেশি কার্যকর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কৃতিত্বে উৎফুল্ল। টুইট করে তিনি বলেছেন, ‘গর্ব ও অনাবিল আনন্দে হৃদয় আজ পরিপূর্ণ।’
এত দিন ভারতীয় বিমানবাহিনীর সেরা অস্ত্র ছিল রুশ যুদ্ধবিমান মিগ। পাকিস্তানের মোকাবিলা এই মিগই বারবার করে এসেছে। পরে বাহিনীতে যুক্ত হয় মিরেজ-২০০০ ও সুখোই-৩০। রাজীব গান্ধীর আমলে সিদ্ধান্ত হয়, পুরোনো প্রযুক্তির মিগ স্কোয়াড্রন ধাপে ধাপে তুলে দিয়ে লাইট কমব্যাট এয়ারক্র্যাফট (এলসিএ) ‘তেজস’ নিয়ে আসা হবে। কারণ, পুরোনো হওয়ার দরুন মিগ দুর্ঘটনাপ্রবণ হয়ে পড়ছে।
তেজস তৈরি হতে এত দেরি কেন? প্রথম কারণ, প্রযুক্তির যত উন্নতি ঘটেছে, তত পরিবর্তন হয়েছে নকশার। দ্বিতীয় প্রধান কারণ, মার্কিন নিষেধাজ্ঞা। ১৯৯৮ সালে দ্বিতীয় পোখরান পরমাণু পরীক্ষার পর যুক্তরাষ্ট্র প্রযুক্তিগত ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এখন বলা হচ্ছে, বিমানবাহিনীতে তেজসের দুটি স্কোয়াড্রন গড়ে তোলা হবে। একটি স্কোয়াড্রনই পাকিস্তানের মোকাবিলায় যথেষ্ট।
তেজসের গতি ঘণ্টায় ১ হাজার ৭৩০ কিলোমিটার। খুব ছোট রানওয়েতে এই যুদ্ধবিমান ওঠানামা করতে পারে। মাঝ আকাশে জ্বালানি ভরার ব্যবস্থাও রয়েছে। ২০০১ সাল থেকে এই বিমানের পরীক্ষামূলক উড়ান চলছে। একবারের জন্যও কোনো দুর্ঘটনা ঘটেনি। তেজসে রয়েছে ইসরায়েলি ‘মাল্টি মোড রাডার’ ও ‘ডার্বি ক্ষেপণাস্ত্র’, যা আকাশ থেকে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আরও রয়েছে অত্যাধুনিক ‘লেসার ডেজিগনেটর’ এবং ‘টার্গেটিং পড’, যা আকাশ থেকে ভূমিতে আঘাত হানার উপযুক্ত।
তেজসকে সম্পূর্ণ ভারতীয় যুদ্ধবিমান বলা হলেও এর যন্ত্রাংশের অনেকগুলোই বিদেশি। যেমন ইঞ্জিন যুক্তরাষ্ট্রের, রাডার ও অস্ত্রসম্ভার ইসরায়েলের এবং পাইলটের ‘ইজেকশন সিট’ যুক্তরাজ্যের তৈরি। ভারতের নির্মাতা প্রতিষ্ঠান হ্যালের প্রযুক্তিবিদদের পাল্টা যুক্তি, ফ্রান্সের ‘রাফায়েল’ ও সুইডেনের ‘গ্রিপেন’ যুদ্ধবিমানেও বিদেশি যন্ত্রাংশ রয়েছে। তাঁদের মতে, সম্পূর্ণ দেশি যন্ত্রাংশ তৈরি খরচ ও সময়সাপেক্ষ।