অবশেষে বিজেপি শিবসেনা রফা
দীর্ঘ টালবাহানার পর বিজেপি ও শিবসেনা মহারাষ্ট্র বিধানসভার ভোটে আসন রফা চূড়ান্ত করল। রফাসূত্র এ রকম, বিধানসভার মোট ২৮৮ আসনের মধ্যে শিবসেনা লড়বে ১৫১টিতে, বিজেপি পাবে ১৩০ আসন। বাকি সাত আসন চার জোটসঙ্গীর মধ্যে বাঁটোয়ারা হবে।
মনোনয়নপত্র প্রত্যাহারের মাত্র চার দিন আগে গতকাল মঙ্গলবার মুম্বাইয়ে এই আসন রফার কথা যৌথভাবে ঘোষণা করেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত ও বিজেপির বিনোদ তাওদে।
রাজ্যে ১৫ বছর ক্ষমতায় থাকা কংগ্রেস-এনসিপি জোট কিন্তু মঙ্গলবারেও আসন নিয়ে রফার পথ খুঁজে পায়নি। এর একটা কারণ দুই দলেরই অনড় অবস্থান, অন্য কারণ রাজ্যের চারটি ছোট দলের হঠাৎ এনসিপির সঙ্গে যোগাযোগ করা। এই চার দল বিজেপি-শিবসেনা জোটের সঙ্গে এত দিন পর্যন্ত ছিল। তাদের মধ্যে ১৮টি আসন ভাগ হওয়ার কথা ছিল। কিন্তু তাদের ভাগে মাত্র সাতটি আসন পড়ে থাকায় তারা কংগ্রেস-এনসিপি জোটের দিকে ঝুঁকেছে। মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী শারদ পাওয়ারের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে কথা শুরু করেছে তারা। এই চার দল হলো স্বাভিমান পার্টি, রিপাবলিকান পার্টি (আটাওয়ালে), শ্বেতকারী কিসান সংগঠন ও শিব সংগ্রাম পার্টি।
বিজেপি প্রথম থেকে চেয়েছিল দুই দল ১৩৫ আসনে লড়ুক, বাকি ১৮ আসন চার ছোট দলকে ভাগ করে দেওয়া হোক। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে তাতে নারাজ ছিলেন। রাজ্যে বড় শরিক হিসেবে তিনি ১৫১ আসনের নিচে নামতে চাননি। শেষ পর্যন্ত বিজেপিকে ১৩০ আসন দিতে রাজি হলেন তিনি ছোট দলগুলোর আসন কেটে। ঠাকরের নজরে রয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সি। বিজেপির চেয়ে ২১টি আসন বেশি পাচ্ছে তাঁর দল। গতকাল যৌথ ঘোষণায় মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কোনো ফয়সালা হয়নি। যে দল বেশি আসনে জিতবে, মুখমন্ত্রী হবেন সেই দলেরই। এটাই ছিল বিজেপির সূত্র। সেটা ঠাকরে মেনে নিলেন।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) কখনো চায়নি বিজেপি-শিবসেনার ২৫ বছরের জোট ভেঙে যাক। সংঘের নেতা ইন্দ্রেশ কুমার তাই জোট রক্ষায় সচেষ্ট ছিলেন শুরু থেকেই। জোট রক্ষা পাওয়ায় কংগ্রেস ও এনসিপিও এখন চাপে রইল। আজ বুধবারই দুই দলের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। এনসিপির নেতা প্রফুল্ল প্যাটেলের কথায়, ‘আমরা সময়ের সঙ্গে লড়াই করছি।’