অবসরে রাজনীতিকেরা
‘ব্যস্ততা আমায় দেয় না অবসর...’ গানের এ কথা রাজনীতিবিদের জীবনে নিদারুণভাবে সত্যি। সারাক্ষণ মিটিং-মিছিল, সভা-সমাবেশ লেগেই আছে। আছে নানা অনুষ্ঠান, জনসংযোগ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলা এই ব্যস্ততার মধ্যে একটুখানি ফুরসত কখনো যদি মেলে, কী করেন ভারতীয় রাজনীতিকেরা? জেনে নিন।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
কানপুর দেহাত জেলার যে গ্রামে কোবিন্দ পরিবারের আদি বাস, তার নাম পরাউখ। দলিতপ্রধান এই গ্রামে কোবিন্দর বাবার ভিটেটুকু ছাড়া কোনো জমি ছিল না। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে রামনাথ সবার ছোট। রামনাথকে জুনিয়র স্কুলে পড়তে যেতে হতো ছয় কিলোমিটার দূরের খানপুর গ্রামে। ছয় ছয়ে বারো কিলোমিটার প্রতিদিন হাঁটা। রামনাথ পেশায় আইনজীবী। তাঁর পছন্দ যোগব্যায়াম।

মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের টানা দুবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর যে কবিতা ও ছবি আঁকার প্রতি ব্যাপক ঝোঁক, তা তো অনেকেরই জানা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছবি আঁকার অনুপ্রেরণার উৎস। ২০১৩ সালে তাঁর আঁকা প্রায় ২৫০টি ছবির প্রদর্শনী হয়, যা বিক্রি হয়েছিল অন্তত এক কোটি রুপিতে। মমতার আঁকা ‘ফ্লাওয়ার পাওয়ার’ ছবিটি ২০১২ সালে নিউইয়র্কে নিলামে উঠেছিল। তা তিন হাজার ডলারে বিক্রি হয়েছিল। আর এই অর্থ ব্যয় হয়েছিল দাতব্য কাছে। তাঁর কবি সত্তার পরিচয় মেলে ‘আর্থসং’ নামের বইটিতে। তাঁর লেখা ৫৬টি কবিতার ইংরেজি অনুবাদ করে ওই বইটিতে সংকলন করা হয়।

নরেন্দ্র মোদি
বর্তমান বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের অন্যতম একজন এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই বলে যে তাঁর শখ-আহ্লাদ নেই, তা তো নয়। সুযোগ পেলেই মনে মনে কবিতা আওড়ান। আর জুতসই মনে হলে তা কালিতে রূপ দেন। মোদির মাতৃভাষা গুজরাটি। এই ভাষায় অনেক কবিতা লিখেছেন। এ বছরের বিশ্ব কবিতা দিবসে তিনি তাঁর ২ কোটি ৮০ লাখ অনুসরণকারীর (ফলোয়ার) সঙ্গে কয়েকটি কবিতা শেয়ার করেন। টুইটারে তিনি লিখেছেন, ‘আমি কদাচিৎ আমার চিন্তাগুলোকে কবিতার রূপ দিই। “সাকসিভার” বইটি হলো এ ধরনের কয়েকটি কাজের সংকলন।’
শুধু যে কবিতাই লেখেন, তা নয়। সুযোগ পেলে ক্যামেরা হাতে নিয়ে ক্লিক করতে নেমে পড়েন মোদি। অনেক সময় তাঁকে বিশ্বনেতাদের সঙ্গে সেলফিও তুলতে দেখা গেছে। কিছুদিন আগে তিনি তোলা ছবির সংগ্রহ দেখাতে আয়োজন করেছিলেন প্রদর্শনীর। ছবিতে তাঁকে ছত্তিশগড়ে বাঘের ছবি তুলতে দেখা যাচ্ছে।

রাহুল গান্ধী
কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী ব্যক্তিজীবনে বেশ অন্তর্মুখী স্বভাবের। বিবিসিতে প্রকাশিত রাহুলের প্রোফাইলে বলা হয়েছে, রাহুলের আগ্রহ ক্রিকেট খেলা আর রাজনীতির বাইরের জীবনে।

উদ্ধব ঠাকরি
কট্টর রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত শিবসেনাপ্রধান উদ্ধব ঠাকরে। কিন্তু কতজন জানেন তিনি একজন আলোকচিত্রী। তিনি নিজের ক্যামেরায় বন্য প্রাণী, মহারাষ্ট্রের বিখ্যাত ভবনসমূহ এবং বলিউডের অভিনেতা ও সংগীতশিল্পীদের ছবি তুলেছেন অসংখ্য। ২০১৫ সালে নিজের তোলা ছবি দিয়ে মুম্বাইয়ে একটি প্রদর্শনীও করেছিলেন। প্রশংসা কুড়িয়েছিলেন ওস্তাদ জাকির হোসেনের কাছ থেকে। তিনি বলেছেন, ‘ফটোগ্রাফি হলো আমার কাছে অক্সিজেনের মতো। আমার শখ হলো আমার অক্সিজেন। আমার সময় নেই এটা বলাটা ভুল হবে।’

ভেঙ্কাইয়া নাইডু
বিজেপির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) নেতা ভেঙ্কাইয়া নাইডু এখন দেশটির নুতন উপরাষ্ট্রপতি। যখনই রাজনীতির ফাঁকফোকর গলে একটু সময় পান, তখনই তিনি কৃষিকাজ করতে পছন্দ করেন। সম্প্রতি তিনি বলেন, ‘আমি যখনই সময় পাই গ্রামে চলে যাই। কিছু কৃষিকাজ করি এবং মাঠের মানুষগুলোর সঙ্গে কিছুটা সময় কাটাই। এর মধ্য দিয়ে আমি অনেক সুখ ও স্বস্তি খুঁজে পাই।’

রাজ ঠাকরে
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ ঠাকরে কার্টুন আঁকার শিল্পটি সম্ভবত তাঁর চাচা বাল ঠাকরের কাছ থেকে পেয়েছেন। তাঁর আঁকা বিখ্যাত কার্টুনের মধ্যে রয়েছে দিল্লিতে বিজেপির হেরে যাওয়া। সেখানে দেখা যায়, যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারের আদলে একটি টাওয়ার মোদিরূপী, অপরটি বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহের প্রতীক। এই বিশাল টুইন টাওয়ারে হামলা হেনেছে কেজরিওয়ালরূপী ছোট্ট প্লেন। আর সেই মোদি-অমিত টুইন টাওয়ার ধ্বংসের ছবি হোয়াইট হাউসে বসে টেলিভিশনে দেখছেন বারাক ওবামা। এ ছাড়া তিনি ভ্যালেন্টাইন ডেতে প্রধানমন্ত্রী মোদি ও শরদ পাওয়ারের বৈঠকের ছবি এঁকেছেন।

যোগী আদিত্যনাথ
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গরুদের খাবার খাওয়ানোর মধ্য দিয়ে রাজ্যের প্রধান হিসেবে যাত্রা শুরু করেছিলেন। মহন্ত থেকে রাজনীতিক বনে যাওয়া হিন্দুত্ববাদী এই নেতা কয়েক বছর ধরে এই রীতি পালন করে আসছেন। দীর্ঘদিনের এই অভ্যাসের কারণে এই প্রাণীর প্রতি তাঁর একধরনের ভালোবাসা তৈরি হয়েছে। নাম দিয়েছেন গরুর। আর গরুও তার মনিবকে চিনতে পারে। আগে একবার খবরে এসেছিল, যোগী আদিত্যনাথের সঙ্গে অনেকগুলো গরুও মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ৫ কালিদাস মার্গে গিয়েছিল।

কিরেন রিজিজু
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু শারীরচর্চায় ব্যাপক আগ্রহী। হাজারো ব্যস্ততার মধ্যেও তিনি আধা ঘণ্টার ব্যায়াম করতে ভোলেন না। ইনস্টাগ্রামে ৪৬ বছর বয়সী এই রাজনীতিবিদ তাঁর ফিটনেস নিয়ে অনেক ছবি ও ভিডিও রয়েছে, যা দিয়ে বোঝা যায়, তিনি নিজের শারীরিক গঠন ধরে রাখতে কতটা মরিয়া। কলেজের দিনগুলো থেকে তিনি খেলাধুলায় বেশ উৎসাহী। স্কুল ও কলেজের দিনগুলোতে তিনি সেরা ক্রীড়াবিদ ছিলেন। খেলেছেন জাতীয় পর্যায়েও।

মুকুল সাংমা
সুরেলা সংগীতশিল্পী হিসেবে বেশ নামডাক রয়েছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমার। কলেজজীবনে একটি ব্যান্ড দলের সদস্যও ছিলেন। এই বছরের শুরুর দিকে মেয়ের বিয়েতে অন্য নেতাদের সঙ্গে তাঁকে গান গাইতে দেখা যায়, যা ভাইরাল হয়। ২০১৫ সালে কলকাতায় মেঘালয় হাউসের উদ্বোধন অনুষ্ঠানে গান গেয়ে কলকাতাবাসীকে মুগ্ধ করেছিলেন তিনি।

সুষমা স্বরাজ
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ যে কেবল কূটনীতিক কলকাঠি নাড়েন তা নয়, নানা বিষয়ে তিনি ছিলেন বেশ সরব। শাস্ত্রীয় সংগীত, কবিতা, চারুকলা, নাটক—কোনো কিছু বাদ যায়নি তাঁর পছন্দের তালিকা থেকে। এসডি কলেজে পড়ার সময় পরপর তিনবার তিনি এনসিসির সেরা ক্যাডেট নির্বাচিত হন। হরিয়ানা রাজ্যের ভাষা বিভাগ আয়োজিত প্রতিযোগিতায় পরপর তিনবার তিনি সেরা হিন্দি স্পিকার হন। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে এসি বালি মেমোরিয়াল আবৃত্তি প্রতিযোগিতায় সেরা হিন্দি বক্তা হন। এ ছাড়া তিনি বিতর্ক, আবৃত্তি, নাটকসহ নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য পুরস্কৃত হন। হরিয়ানা রাজ্যের হিন্দু সাহিত্য সম্মেলনে চার বছর তিনি সভাপতি ছিলেন।

অরুণ জেটলি
অর্থমন্ত্রী অরুণ জেটলির ছোট্টবেলা থেকেই আইন ও রাজনীতির প্রতি বেশ আগ্রহ ছিল। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়। জনতা পার্টির কর্মকাণ্ড তাঁকে অনুপ্রাণিত করে তোলে। এরপর তিনি জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরি কর্মসূচিতে যোগ দেন।

লালু প্রসাদ যাদব
ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদব প্রায়ই বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে সমসাময়িক সামাজিক-রাজনৈতিক বিষয়াদি নিয়ে কলাম লেখেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি নানা ধরনের সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্য ও শৈল্পিক কর্মকাণ্ডে অংশ নেন। তাঁর বিশেষ আগ্রহ চিন্তক ও বিপ্লবীদের ওপর বইয়ের প্রতি। পছন্দ করেন লেখালেখি, বিতর্ক, গান ও নৃত্য। আর ফুটবল, মল্লযুদ্ধ, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন ও অভ্যন্তরীণ নানা খেলা তাঁকে টানে বেশি। ২০০১ সালে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন তিনি।
অখিলেশ যাদব
উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সভাপতি ও মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ফুটবল ও ক্রিকেট খেলায় বেশ আগ্রহ। অবসর কাটে বই পড়ে, গান শুনে আর চলচ্চিত্র দেখে।

নিতীশ কুমার
বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ব্যক্তিজীবনে অধূমপায়ী এবং মদকে কখনো ছুঁয়েও দেখেননি। অবসরে তিনি বই পড়তে ও চলচ্চিত্র দেখতে বেশ পছন্দ করেন।

অমিত শাহ
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাঁর পছন্দ বই পড়া, ক্রিকেট খেলা দেখা ও সামাজিক কর্মকাণ্ড। ১৪ বছর বয়সে এই ব্যক্তি রাষ্ট্রীয় সমাজসেবক সংঘে (আরএসএস) যোগ দেন। কলেজজীবনে তিনি আরএসএসের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ পান। ১৯৮২ সালে মোদির (বর্তমান প্রধানমন্ত্রী) সঙ্গে তাঁর প্রথম দেখা। ১৮৮৬ সালে তিনি বিজেপিতে যোগ দেন।
মুলায়ম সিং যাদব
উত্তর প্রদেশ রাজ্যের তিন তিনবারের মুখমন্ত্রী মুলায়েম সিং যাদব একজন প্রশিক্ষিত শিক্ষক। প্রথম দিকে তিনি রাজ্যের কারহাইলে একজন প্রভাষক হিসেবে কাজ করেন। মল্লযুদ্ধের প্রতি তাঁর প্রবল আগ্রহের কারণেও তিনি বেশ বিখ্যাত।

শ্রী লাল কৃষ্ণ আদভানি
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বর্ষীয়ান নেতা লাল কৃষ্ণ আদভানির বিশেষ আগ্রহ নির্বাচনী সংস্কার। তাঁর পছন্দের তালিকায় রয়েছে বই পড়া, মঞ্চনাটক, সিনেমা, খেলাধুলা এবং গান শোনা।
টাইমস অব ইন্ডিয়া, বিবিসি, ইনউথ ডটকম, আর্কাইভ ডট ইন্ডিয়া ডট গভ ডট ইন অবলম্বনে লিপি রানী সাহা