অবস্থান ধর্মঘট তুলে নিলেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়। রয়টার্স ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্যায়। রয়টার্স ফাইল ছবি

পুলিশ-সিবিআই সংঘাতের জেরে ভারতের সুপ্রিম কোর্টে করা মামলার শুনানি শেষে রায়ের পর কলকাতায় তিন দিনের অবস্থান ধর্মঘট তুলে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় মমতা ঘোষণা দেন, রায়ে তাঁদের নৈতিক বিজয় হয়েছে, তাই তাঁরা এই অবস্থান ধর্মঘট তুলে নিলেন।

এর আগে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও বিহারের আরজেডি দলের নেতা তেজস্বী যাদবের সঙ্গে আলোচনা করেন মমতা। নাইডু ও যাদব ধর্মঘটের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে কলকাতায় এসেছিলেন। মমতা বলেন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি দিল্লিতে তাদের দাবি নিয়ে আলাদা কর্মসূচি পালন করা হবে।

সিবিআইয়ের করা ওই মামলার শুনানি শেষে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে গঠিত তিন সদস্যের ডিভিশন বেঞ্চ জানান, পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ হওয়া না পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তার করা যাবে না। ২০ ফেব্রুয়ারি হবে এই মামলার পরবর্তী শুনানি। তবে পুলিশ কমিশনার রাজীব কুমারকে হাজির হতে হবে সিবিআইর সামনে। সেখানে রাজীব কুমারকে সিবিআইর সঙ্গে তদন্তে সহযোগিতা করতে হবে।

এ ছাড়া পশ্চিমবঙ্গের পুলিশের মহানির্দেশক, রাজ্যের মুখ্য সচিব ও কলকাতার পুলিশ কমিশনারকে আদালত অবমাননার জন্য নোটিশ দেওয়া হয়েছে। ১৮ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের বক্তব্য জানাতে হবে। সেই বক্তব্য খতিয়ে দেখে একই দিনে তাঁদের আদালতে সশরীরে হাজির হতে হবে কি না, তার নির্দেশ দেবেন সর্বোচ্চ আদালত।