অবৈধ খনির থাবায় চিতোরগড় দুর্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্গের ভেতরে ফেটে যাওয়া একটি অংশ
দুর্গের ভেতরে ফেটে যাওয়া একটি অংশ

সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। এক হাজার বছরের বেশি সময় ঠায় দাঁড়িয়ে। তবে মানুষের কারণে এখন ঝুঁকির মুখে। ভারতের রাজস্থান রাজ্যের ঐতিহাসিক চিতোরগড় দুর্গের এমনই অবস্থা আজ। খবর এনডিটিভির।
দুর্গটির কাছাকাছি এলাকায় অবৈধভাবে বসানো হয়েছে চুনাপাথরের খনি। ফলে এর ভেতরের ‘কুম্ভ মহল’ ও বিজয়স্তম্ভে ফাটল দেখা দিয়েছে।
অবৈধ চুনাপাথরের খনির কারণে সবচেয়ে বেশি ক্ষতির শিকার বিজয়স্তম্ভ। এটি তৈরি করা হয়েছিল ১৪৪২ সালে। দুর্গের সবচেয়ে আকর্ষণীয় এই স্থাপনাটি তৈরি করেছিলেন রাজপুত শাসক রানা কুম্ভ। একটি যুদ্ধে বিজয়ের স্মারক হিসেবে তৈরি করেছিলেন স্তম্ভটি।

চিতোরগড় দুর্গের বিজয়স্তম্ভ
চিতোরগড় দুর্গের বিজয়স্তম্ভ

স্থানীয় বাসিন্দা জয় প্রকাশ দেওড়া বলেন, চিতোরগড়ের এই এলাকাজুড়ে মাটির নিচে চুনাপাথর পাওয়া যায়। কিন্তু চুনাপাথর সংগ্রহের জন্য শিলাখণ্ডে যে বিস্ফোরণ ঘটানো হয়, তা দুর্গটিকে শেষ করে দিচ্ছে।
দুর্গ এলাকায় খনি খননের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে আসা দেওড়া আরও বললেন, এভাবে দুর্গটি ধ্বংস করে ফেলা হলে আর কোনো দিনই তা পুনর্গঠন করা যাবে না।
বিষয়টি নিয়ে এরই মধ্যে রাজস্থান বিধানসভা সরগরম হয়েছে। এতে করে রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এ বিষয়ে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের সংস্থা ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত এই দুর্গকে রক্ষায় পরিকল্পনা হাতে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও দুর্গ এলাকায় খনি বসানোর অনুমতি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আগের কংগ্রেস সরকারকে দায়ী করেছেন।
২০১২ সালে রাজস্থান হাইকোর্ট এক আদেশে বলেছিলেন, দুর্গ এলাকার ১০ কিলোমিটারের মধ্যে খনিজ পদার্থ উত্তোলনের জন্য কোনো প্রকার বিস্ফোরণ ঘটানো যাবে না।