অবৈধরা ফিরলে শিক্ষার্থী ভিসা সহজ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের ভারত সফরে শিক্ষার্থী ভিসা প্রসঙ্গই বড় হয়ে দেখা দিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর শিক্ষার্থী ভিসা প্রসঙ্গে থেরেসা মে বুঝিয়ে দেন, মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্ত্বেও যাঁরা অবৈধভাবে ব্রিটেনে বসবাস করছেন, তাঁদের ফেরত পাঠানো গেলে ভারতীয় ছাত্রছাত্রী ও গবেষকদের সহজ শর্তে ভিসা দেওয়ার ক্ষেত্রেও ব্রিটেন আরও নমনীয় হতে পারে।
থেরেসা মে অবশ্য এর সঙ্গে ভারতীয় ব্যবসায়ী ও শিল্পপতিদের ক্ষেত্রে সহজতর ভিসা-ব্যবস্থার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ব্রিটেনের উন্নতি ও অগ্রগতিতে যাঁদের অবদান রয়েছে, তাঁদের ভিসা পাওয়া আরও সহজ করে দেওয়া হবে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণের পর ইউরোপের বাইরে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর। সেই সফরে তিনি ভারতকে বেছে নিয়েছেন ‘অর্থনৈতিক, ঐতিহাসিক, বাণিজ্যিক ও মানুষের সঙ্গে মানুষের সুসম্পর্কের’ কারণেই। ইইউ থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া সম্পূর্ণ না হলে ব্রিটেন কোনো দ্বিপক্ষীয় চুক্তি করতে পারবে না। কিন্তু তা সত্ত্বেও থেরেসা মে ভারতে এসেছেন ঐকমত্যের বিষয়গুলো আগে থেকে চিহ্নিত করতে। কারণ, ‘ভারত এখন এক বড় শক্তি। সেই শক্তির নেতৃত্বে রয়েছেন নরেন্দ্র মোদি, যাঁর আর্থিক সংস্কারের সিদ্ধান্তগুলোর প্রভাব সুদূরপ্রসারী।’ পাশাপাশি ভারতীয় শিল্পপতিদের থেরেসা মে এটাও বুঝিয়ে দিতে চেয়েছেন, ‘ব্রিটেন ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রগুলো খোলা মনে বিচার করছে। ব্রেক্সিট সেই সুযোগ এনে দিয়েছে।’
গতকাল সোমবার রাজধানীতে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) আয়োজিত এক বাণিজ্যিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী মে বলেন, ‘আগামী দিনে ব্রিটেনই হতে চলেছে মুক্ত বাণিজ্যের সেরা দেশ।’ এ বৈঠকে প্রধানমন্ত্রী মোদিও উপস্থিত ছিলেন।
দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য ও ভিসাই ছিল প্রধান আলোচ্য বিষয়। ক্রেডিটের পর ভারতীয় ছাত্রছাত্রীদের ব্রিটিশ ভিসা পাওয়ার শর্ত কঠিনতর হয়ে পড়েছে। শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেক হয়ে গেছে। থেরেসা মেকে মোদি অনুরোধ করেন ভারতীয় ছাত্র ও গবেষকদের জন্য নমনীয় হতে।