অভিযুক্ত গ্রেপ্তার, কাশ্মীর স্বাভাবিক হচ্ছে
ভারতের কাশ্মীর উপত্যকা ক্রমশ স্বাভাবিক হচ্ছে। কারফিউ শিথিল হয়েছে অধিকাংশ জায়গায়। গত দুই দিনে নতুন করে অশান্তিও সৃষ্টি হয়নি। যে ঘটনাকে কেন্দ্র করে অশান্তি, তার অন্যতম অভিযুক্তকে আজ মঙ্গলবার পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযান চলছে অন্য অভিযুক্ত ব্যক্তিদের ধরতে।
উপত্যকার উত্তর-পশ্চিম সীমান্তের কুপওয়ারা জেলার হান্দোয়ারা শহরে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে অশান্তির সৃষ্টি ঠিক এক সপ্তাহ আগে। অভিযোগ, এক স্কুলছাত্রী বাড়ি ফেরার পথে শহরের এক পাবলিক টয়লেট থেকে বেরোনোর সময় হেনস্তার শিকার হয়। দ্রুত রটে যায়, সেনাবাহিনীর এক জওয়ান ছাত্রীটির শ্লীলতাহানি করেছে। শুরু হয় উত্তেজনা। আক্রান্ত হতে থাকে পুলিশ ও সেনাবাহিনীর জওয়ানরা। রাষ্ট্রীয় রাইফেলসের এক ছাউনিও আক্রান্ত হয়। গোলমাল ছড়িয়ে পড়ে উপত্যকার অন্য জেলাতেও। বিভিন্ন ঘটনায় পুলিশ ও জওয়ানদের গুলিতে মোট পাঁচজনের মৃত্যু হয়। জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। তদন্তে দেখা যায়, শ্লীলতাহানির ঘটনায় সেনাবাহিনীর কোনো জওয়ান অভিযুক্ত নন। অভিযুক্ত দুই স্কুলপড়ুয়া। ধরা পড়ে যাওয়ায় তারাই সব দোষ সেনার ঘাড়ে চাপিয়ে বাঁচার চেষ্টা করেছে।
ঘটনার সত্যতা ছাত্রীটিই প্রথমে ফাঁস করে। প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনীর জেরায় ছাত্রীটি বলে, মূল হোতা ওই দুই ছাত্র। তাদের ইচ্ছার কাছে সমর্পণ করেনি বলেই তারা তাকে পাবলিক টয়লেটের বাইরে হেনস্তা করে। এই বয়ান ছাত্রীটির মা জবরদস্তি বলে দাবি করলেও ম্যাজিস্ট্রেটের এজলাসে ছাত্রীটি একই জবানবন্দি দেয়। এর পরেই দুই অভিযুক্তের একজনকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। অন্যজন পলাতক।
মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি শান্তির আবেদন জানিয়েছেন। সেনাবাহিনীও হান্দোয়ারার নাগরিক সমাজের অনুরোধে মঙ্গলবার শহরের তিনটি বাংকার তুলে দিয়েছে। এই বাংকারগুলো সরানোর দাবি ছিল দীর্ঘদিনের। কিন্তু নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী এত দিন রাজি হয়নি। বাংকার তুলে দেওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ প্রশমিত হয়েছে। পরিস্থিতিও শান্ত হচ্ছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।
গ্রীষ্মে উপত্যকায় পর্যটকদের ঢল নামে। এ সময়ে অশান্তি দীর্ঘায়িত হলে রাজ্যের অর্থনীতির ওপর বড় আঘাত আসে। শান্তি ফেরাতে সরকার তাই সক্রিয়।