অভিযুক্তকে গ্রেপ্তারে স্বাভাবিক হয়ে উঠছে কাশ্মীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকা ক্রমে স্বাভাবিক হচ্ছে। কারফিউ শিথিল হয়েছে অধিকাংশ জায়গায়। গত দুদিনে নতুন করে অশান্তিও সৃষ্টি হয়নি। এক কিশোরীর লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে অশান্তি, তার অন্যতম অভিযুক্তকে গতকাল মঙ্গলবার পুলিশ গ্রেপ্তার করেছে। তল্লাশি চলছে অন্য অভিযুক্তের খোঁজেও।
উপত্যকার উত্তর-পশ্চিম সীমান্তের কুপওয়ারা জেলার হান্দোয়ারা শহরে শ্লীলতাহানির এক অভিযোগকে ঘিরে অশান্তির সৃষ্টি হয় ঠিক এক সপ্তাহ আগে। অভিযোগ, এক স্কুলছাত্রী বাড়ি ফেরার পথে শহরের এক পাবলিক টয়লেট থেকে বের হওয়ার সময় হেনস্তার শিকার হয়। দ্রুত রটে যায়, সেনাবাহিনীর এক জওয়ান ছাত্রীটির শ্লীলতাহানি করেছেন। শুরু হয় উত্তেজনা। আক্রান্ত হতে থাকেন পুলিশ ও সেনাবাহিনীর জওয়ানেরা।
রাষ্ট্রীয় রাইফেলসের এক ছাউনিও আক্রান্ত হয়। তখন ওই বাহিনীর সেনারা গুলি করলে কয়েকজন নিহত হয়। গোলযোগ ছড়িয়ে পড়ে উপত্যকার অন্য জেলাতেও। জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। বিভিন্ন ঘটনায় পুলিশ ও জওয়ানদের গুলিতে পাঁচ বিক্ষোভকারীর মৃত্যু ঘটে। জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। তদন্তে দেখা যায়, শ্লীলতাহানির ঘটনায় সেনাবাহিনীর কোনো জওয়ান অভিযুক্ত নন। অভিযুক্ত দুই স্কুল পড়ুয়া। ধরা পড়ে যাওয়ায় তারা দোষ সেনার ঘাড়ে চাপিয়ে বাঁচার চেষ্টা করেছে।
ঘটনার সত্যাসত্য ছাত্রীটিই প্রথমে ফাঁস করে। প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনীর জেরায় সে বলে, ঘটনার মূলে আছে ওই দুই ছাত্র। তাদের ইচ্ছার কাছে সমর্পণ করেনি বলেই তারা তাকে পাবলিক টয়লেটের বাইরে হেনস্তা করে।
সেনা কর্তৃপক্ষের প্রচার করা মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিওতে মেয়েটিকে বলতে শোনা যায়, সেনাসদস্য নয়, এক বখাটে ছেলে তাকে নিগৃহীত করেছে। এটি কে ধারণ করেছে তখন জানা যায়নি। এই বয়ান ছাত্রীটির মা জবরদস্তি করে আদায় করা হয়েছে বলে দাবি করেন। তবে ম্যাজিস্ট্রেটের কাছে ছাত্রীটি একই জবানবন্দি দেয়। এরপরেই দুই অভিযুক্তের একজনকে গতকাল গ্রেপ্তার করা হয়। অন্যজন পলাতক।
এ ঘটনার পর মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি শান্তির আবেদন জানিয়েছেন। সেনাবাহিনীও হান্দোয়ারার নাগরিক সমাজের অনুরোধে গতকাল শহরের তিনটি বাংকার তুলে দিয়েছে। এই বাংকারগুলো সরানোর দাবি ছিল দীর্ঘদিনের। কিন্তু নিরাপত্তার স্বার্থে সেনা কর্তৃপক্ষ এত দিন রাজি হয়নি। বাংকার তুলে দেওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ প্রশমিত হয়েছে। পরিস্থিতিও শান্ত হচ্ছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।
গ্রীষ্মে কাশ্মীর উপত্যকায় পর্যটকদের ঢল নামে। এই সময়ে অশান্তি দীর্ঘায়িত হলে রাজ্যের অর্থনীতির ওপর বড় আঘাত আসে। শান্তি ফেরাতে সরকার তাই সক্রিয়।