অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কলকাতায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচিত নারদ কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো গতকাল এক জোট হয়ে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা কেলেঙ্কারিতে জড়িত নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। এ নিয়ে কলকাতা পৌর করপোরেশনের বাজেট অধিবেশনেও হট্টগোল হয়েছে।
যুব কংগ্রেসের নেতারা গতকাল শনিবার দুপুরে কলকাতার রাজভবনের (গভর্নর হাউস) সামনে বিক্ষোভ করেন। কলকাতা পৌর করপোরেশনের মেয়র শোভন দেব চট্টোপাধ্যায় গতকাল নির্ধারিত বাজেট পেশ করতে শুরু করলে বিরোধীরা অধিবেশন হলেই বিক্ষোভ করেন এবং নারদ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেয়রের পদত্যাগের দাবি তোলেন। একপর্যায়ে এ নিয়ে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের সঙ্গে বিরোধীদের হাতাহাতি হয়।
গত বছর বিধানসভা নির্বাচনের আগে দিল্লির নারদ নিউজ ডট কম নামের একটি ওয়েব পোর্টাল এ কেলেঙ্কারি ফাঁস করে। তাদের প্রকাশ করা ভিডিওতে তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও নেতাদের বিভিন্ন প্রতিশ্রুতির বিনিময়ে অর্থ গ্রহণ করতে দেখা যায়। অভিযোগ, এ সংক্রান্ত মামলাটি সরকারি প্রভাবের কারণে পশ্চিমবঙ্গের পুলিশ এত দিন দমিয়ে রেখেছিল। কিন্তু গত শুক্রবার কলকাতা হাইকোর্ট নারদ মামলার তদন্তভার সিবিআইকে দিয়েছেন। এতে চরম অস্বস্তিতে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘুষ নেওয়ার ভিডিওকে তৃণমূল কংগ্রেস জাল বলে দাবি করলেও পরবর্তী সময়ে চণ্ডীগড়ের ফরেনসিক ল্যাবরেটরির পরীক্ষার ফলাফলে দেখা যায়, ভিডিও ফুটেজ খাঁটি। রাজ্যজুড়ে দাবি উঠেছিল, নারদ কেলেঙ্কারির তদন্তভার সিবিআইকে দেওয়া হোক। কিন্তু রাজ্য সরকার সেই পথে যায়নি। তাই এ নিয়ে কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা হয়।
মুখ্যমন্ত্রী মমতা শুক্রবার রাজ্য সচিবালয় নবান্নে সংবাদ সম্মেলনে বলেন, তাঁর সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে।
এদিকে গতকালই সিবিআইয়ের কর্মকর্তারা হাইকোর্ট থেকে নারদ মামলার নথি এবং ৪২৮ মিনিটের ভিডিও ফুটেজ তাদের জিম্মায় নিয়েছেন।