অভিযুক্তদের মন্ত্রী করবেন না প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের মন্ত্রিসভায় জায়গা হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ দায়িত্ব ভারতের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের ওপরই ছেড়ে দিলেন। সর্বোচ্চ আদালতের রায়, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের ওপর ভারতীয় সংবিধান অপার আস্থা ও বিশ্বাস অর্পণ করেছে। অতএব, তাঁদেরই সিদ্ধান্ত নিতে হবে, অপরাধপ্রবণ রাজনীতিকদের তাঁরা তাঁদের মন্ত্রিসভায় স্থান দেবেন কি না। যদিও বিচারপতিরা এই আশা প্রকাশ করেছেন যে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা নিশ্চয় দেশের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিদের মন্ত্রিসভায় স্থান দেবেন না।
রাজনীতির অপরাধীকরণ রুখতে প্রায় ১০ বছর আগে জনস্বার্থে এই মামলা করা হয়েছিল। সেই মামলার রায়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজেন্দ্র মল লোধার নেতৃত্বে পাঁচ সদস্যের সংবিধান বেঞ্চ গতকাল বুধবার এই ঐতিহাসিক রায় দেন। মন্ত্রিসভার দরজা দাগিদের জন্য বন্ধ করার নির্দেশ না দিয়ে বিচারপতিরা বলেন, কতটা দাগি হলে মন্ত্রী হওয়া যাবে না, সেই মাপকাঠি সংসদকেই নির্ধারণ করতে হবে। তাঁরা বিষয়টি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের জ্ঞান ও প্রজ্ঞার ওপর ছেড়ে দিচ্ছেন।
প্রধান বিচারপতির নেতৃত্বে সর্বসম্মতভাবে এ রায় হলেও দুই বিচারপতি আলাদাভাবে তাঁদের পর্যবেক্ষণ জানিয়েছেন। তাঁরা হলেন বিচারপতি কুরিয়েন জোসেফ ও বিচারপতি লোকুর। তাঁদের অভিমত, ভারতের ‘সিভিল সার্ভিসেস’-এর দরজা যদি অপরাধপ্রবণ ও সন্দেহজনকদের জন্য বন্ধ রাখা যায়, তাহলে মন্ত্রিসভার দরজা কেন অপরাধীদের জন্য বন্ধ রাখা যাবে না? এই অভিমত সত্ত্বেও অবশ্য সংবিধান বেঞ্চ আইনসভার কাজে সরাসরি হস্তক্ষেপ করতে চাননি।
রাজনীতির অপরাধীকরণ রুখতে সুপ্রিম কোর্ট বেশ কিছু যুগান্তকারী রায় দিয়েছেন। গত বছরের ১০ জুলাই সুপ্রিম কোর্ট রায় দেন, কোনো রাজনীতিকের দুই বছর বা তার বেশি সাজা হলে তাঁর সাংসদ বা বিধায়ক পদ সরাসরি খারিজ হয়ে যাবে এবং তিনি পরবর্তী ছয় বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। পশুখাদ্য মামলায় দুই বছরের বেশি সাজা হওয়ার ফলে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালু প্রসাদ সাংসদের পদ হারান। সুপ্রিম কোর্ট সেই রায়ের পাশাপাশি ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৮(৪) ধারা খারিজও করে দেন। সেই ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়া রাজনীতিকেরা নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল সাপেক্ষে স্বপদে বহাল থাকতেন। সুপ্রিম কোর্টের সেই রায়ের পর কোনো কোনো মহল মনে করছিল, মন্ত্রিসভায় দাগিদের না নেওয়ার বিষয়েও সর্বোচ্চ আদালত কোনো নির্দেশ দেবেন। কিন্তু সুপ্রিম কোর্ট সেই রাস্তায় না হেঁটে গতকাল জানান, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের সংবিধান প্রদত্ত ক্ষমতা ৭৫(১) অনুচ্ছেদে বাতিল-সংক্রান্ত কোনো ধারার সংযোজন করতে চান না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় ৪৫ জন সদস্যের মধ্যে ১২ জনের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অভিযোগ রয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছেন ভারতের পানিসম্পদমন্ত্রী উমা ভারতী। তাঁর বিরুদ্ধে হত্যার চেষ্টা, দাঙ্গাসহ ১৩টি গুরুতর অভিযোগ রয়েছে। বিজেপির সহযোগী দল লোকজনশক্তি পার্টির নেতা রামবিলাস পাসোয়ানের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আছে। কংগ্রেসসহ বিভিন্ন দল সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে। রাজনীতিকে অপরাধীমুক্ত করতে নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তার কথা বহুল চর্চিত। রাষ্ট্রীয় খরচে নির্বাচনের দাবি জানানো হলেও কোনো দলের সরকারই কিন্তু রাষ্ট্রের খরচে নির্বাচন করতে এখনো এগোয়নি।