অভিযোগের জায়গা সামাজিক মাধ্যম নয়, ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি
অভিযোগ তুলে ধরার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করলে শাস্তির মুখে পড়তে হবে সেনাবাহিনীর কর্মীদের। আজ রোববার সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।
এ সময় অভাব-অভিযোগ জানানোর জন্য সেনাবাহিনীর নিজস্ব প্রক্রিয়া অনুসরণের জন্য প্রত্যেককে নির্দেশ দেন জেনারেল রাওয়াত।
ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় আজ রোববারের এক খবরে এ তথ্য জানা গেছে।
তবে উচ্চপদস্থ কর্মকর্তারা অধস্তনদের দিয়ে ব্যক্তিগত কাজ করিয়ে নেন—এমন অভিযোগকে গুরুত্ব না দিয়ে তিনি বলেন, এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। উচ্চপদস্থদের একজন করে ‘সহায়ক’ রাখার প্রথা একটি স্বাভাবিক বিষয়।
সশস্ত্র বাহিনীতে দায়িত্বরত জওয়ানদের খাবার বরাদ্দ এবং কাজের প্রকৃতি নিয়ে কয়েক দিন ধরেই প্রবল হইচই চলছে ভারতে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিষয় নিয়ে অভিযোগ পোস্ট করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও সেনা জওয়ানেরা।
পরিস্থিতি সামাল দিতে সেনাপ্রধান বিপিন রাওয়াত নিজেই সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তিনি জানান, অভিযোগ থাকলে সরাসরি তাঁকে জানাতে, নাম গোপন থাকবে।
আজ সেনা দিবসে জেনারেল রাওয়াত এ বিষয়ে আবার মুখ খুললেন। তিনি জানান, ‘কয়েকজন সহকর্মী তাঁদের কিছু অভিযোগের প্রতি মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করছেন। এতে জওয়ানদের মনোবলের ক্ষতি হচ্ছে তথা গোটা বাহিনী ক্ষতিগ্রস্ত হচ্ছে।...এ ধরনের কার্যকলাপ অপরাধ হিসেবে গণ্য হতে পারে এবং শাস্তির আওতায় আনা হতে পারে। কোনো অভিযোগ থাকলে তা জানানোর যে নির্দিষ্ট ব্যবস্থা বাহিনীতে রয়েছে, সেই অনুযায়ী সাহায্য চাইতে হবে জওয়ানদের।’