অমর্ত্য সেনের বাড়ির জায়গা নিয়ে বিতর্ক, প্রতিবাদ মমতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীচী বাসভবনের সামনে অমর্ত্য সেন।
ছবি: ভাস্কর মুখার্জি

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেনের শান্তিনিকেতনের প্রতীচী বসতবাড়ির জায়গা নিয়ে বিতর্কের প্রতিবাদে আজ রোববার কলকাতার বিশিষ্টজনেরা সভা ও মিছিল ডেকেছেন। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন।


বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব এবং রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এক বিবৃতিতে কলকাতার বিশিষ্টজনদের এই প্রতিবাদ সমাবেশ ও মিছিলে থাকতে অনুরোধ জানিয়েছেন । আজ রোববারর বিকেলে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি চত্বরে প্রতিবাদ সভা ডাকা হয়েছে।


অমর্ত্য সেনের বাসস্থান রয়েছে শান্তিনিকেতনে। অনেক দিন ধরেই শান্তিনিকেতনে অমর্ত্যর পূর্বপুরুষের প্রতীচী নামের এই বাসভবন অবস্থিত। বিশ্বভারতী কর্তৃপক্ষ দাবি তুলেছে, প্রতীচী বাসভবন এলাকায় বিশ্বভারতীর জায়গা রয়েছে। এ নিয়েই শুরু হয় বিতর্ক। যদিও অমর্ত্য সেন জানিয়েছেন, ওই জায়গার প্রয়োজনীয় কাগজপত্র তাঁদের কাছে আছে।

তৃণমূলের অভিযোগ, বিজেপি অমর্ত্য সেনকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য উদ্যোগী হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন। চিঠি লিখে অমর্ত্য সেনের পাশে থাকার আবেদনও জানান মুখ্যমন্ত্রী।

এই লড়াইতে আপনি আমাকে আপনার বোন ও বন্ধু হিসেবে বিবেচনা করতে পারেন। আমরা সবাই শান্তিনিকেতনের সঙ্গে আপনার পরিবারের গভীর ও সহজাত যোগসূত্রের কথা জানি।
মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা সেই চিঠিতে অমর্ত্য সেনকে লিখেছেন, ‘এই লড়াইতে আপনি আমাকে আপনার বোন ও বন্ধু হিসেবে বিবেচনা করতে পারেন। আমরা সবাই শান্তিনিকেতনের সঙ্গে আপনার পরিবারের গভীর ও সহজাত যোগসূত্রের কথা জানি। আপনার মাতামহ ও খ্যাতনামা শিক্ষাবিদ ক্ষিতিমোহন সেন শান্তিনিকেতনের প্রথম দিকের বাসিন্দাদের মধ্যে অন্যতম। আপনার বাবা আশুতোষ সেন ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ ও প্রশাসক। তিনিই প্রতীচীর বাড়ি প্রায় ৮০ বছর আগে তৈরি করেছিলেন। আপনার পরিবার দীর্ঘদিন ধরে শান্তিনিকেতনের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। তাই আমরা আপনার পাশে আছি।’

অমর্ত্য সেনের প্রতীচী বাসভবন।
ছবি: ভাস্কর মুখার্জি

সভার আহ্বায়ক মন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ‘যেহেতু অমর্ত্য সেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, তাই তাঁর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসার মনোভাব কাজ করছে। এসব কিছু বলার বা মন্তব্য করার আগে মনে রাখতে হবে তিনি একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ। বাংলায় রবীন্দ্রনাথের সংস্কৃতির সঙ্গে অমর্ত্য সেনদের পরিবার সুদীর্ঘকাল ধরে জড়িত। এই কারণেই আমরা মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে পথে নামছি।’

তবে গতকাল শনিবারও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘বিজেপির কারও সার্টিফিকেট লাগবে না। উনি (অমর্ত্য সেন) যাঁদের হয়ে ব্যাটিং করছেন করুন। তবে অমর্ত্য সেন একজন অসফল মুখ্যমন্ত্রীর কথায় প্রভাবিত হলে সত্যিই সেটা দুর্ভাগ্যের।’

যেহেতু অমর্ত্য সেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, তাই তাঁর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসার মনোভাব কাজ করছে। এসব কিছু বলার বা মন্তব্য করার আগে মনে রাখতে হবে তিনি একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ।
ব্রাত্য বসু

এই সভায় কবি জয় গোস্বামী, কবি সুবোধ সরকার, চিত্রকর শুভাপ্রসন্ন, চিত্রকর যোগেন চৌধুরী, ইতিহাসবিদ অধ্যাপক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, চিত্র পরিচালক অরিন্দম শীল প্রমুখের উপস্থিত থাকার কথা আছে।