অমর্ত্যকে কটাক্ষ করে বিপাকে বিজেপি নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে প্রতিবাদের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। কলকাতার মৌলালি যুবকেন্দ্রে দলীয় এক সভায় দিলীপ গত শনিবার বলেন, ‘অমর্ত্য সেনের চরিত্র নেই, মেরুদণ্ড নেই। এঁদের কেনা যায়, বিক্রি করা যায়...।’
অমর্ত্যকে ইঙ্গিত করে রাজ্য বিজেপির সভাপতি বলেন, ‘একজন নোবেল প্রাইজ পেয়েছেন। বাঙালি, বেঁচে আছেন। কতজন গর্বিত! তিনি কী করেছেন, কেউ জানে না। বাংলার কেউ বোঝে না। উনি কি নিজে বোঝেন? উনি কী দিয়েছেন বাঙালিকে?’
দিলীপের এই মন্তব্যে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছেন, অমর্ত্য সেনকে বোঝার ক্ষমতা তাঁদের (দিলীপ) নেই। এই মন্তব্য আসলে মূর্খামির পরিচয় দেয়।
রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘বিজেপির রাজনীতি ও সংস্কৃতি কী—এখন তা ঝুলি থেকে বেরিয়ে পড়ছে। দিলীপ ঘোষকে এই মন্তব্য প্রত্যাহার করতে বলছি।’
কংগ্রেসের সাংসদ প্রদীপ ভট্টাচার্যও দিলীপের কুরুচিকর মন্তব্যের নিন্দা করেছেন। আর সিপিএম সাংসদ মহম্মদ সেলিম বলেছেন, দিলীপ ঘোষ আরএসএসের চিন্তাভাবনায় সমৃদ্ধ। ধর্মের নামে যাঁরা রাজনীতি করেন, তাঁরা যুক্তিবাদী মানুষকে বুঝবেন কেমন করে?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস বলেছেন, দিলীপের এই মন্তব্য খুবই দুভার্গ্যজনক, অনভিপ্রেত। অমর্ত্য সেনের পাণ্ডিত্য, ব্যক্তিত্ব, ব্যক্তিস্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর।