অমিত শাহকে পাল্টা চ্যালেঞ্জ মমতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃণমূল কংগ্রেসের ছাত্রসংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডে, কলকাতা, ২৮ আগস্ট। ছবি: ভাস্কর মুখার্জি
তৃণমূল কংগ্রেসের ছাত্রসংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডে, কলকাতা, ২৮ আগস্ট। ছবি: ভাস্কর মুখার্জি

১১ আগস্ট কলকাতার মেয়ো রোডের গান্ধীমূর্তির পাদদেশে বিজেপির যুব সংগঠন যুবমোর্চা আয়োজিত এক সমাবেশ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ হুংকার দিয়ে বলেছিলেন, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের ঠাঁই হবে না। এখানে ঠাঁই পাবে উদ্বাস্তুরা। বলেছিলেন, আসামের এনআরসি বন্ধ হবে না। প্রয়োজনে দেশজুড়ে এনআরসি হতে পারে।

অমিত শাহ সেদিন পশ্চিমবঙ্গের মমতা সরকারকে উৎখাতের ডাক দিয়ে বলেছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠিত না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলবে। পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। চলছে মাফিয়া রাজ। শিল্প নেই, আছে বোমা তৈরির কারখানা। তাই এই সরকারকে উৎখাত করে গণতান্ত্রিক বিজেপি সরকার গড়তে হবে। সেই বিজেপির সরকার গড়ার আন্দোলন চলবে।

ঠিক ১৭ দিন পর কলকাতার সেই মেয়ো রোডের গান্ধীমূর্তি পাদদেশে তৃণমূল কংগ্রেসের ছাত্রসংগঠনের (টিএমসিপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে দাঁড়িয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা দিলেন, ‘২০১৯ সালেই বিজেপি ফিনিশ হবে। বিজেপির বিদায়ঘণ্টা বেজে গেছে।’

সমাবেশে জড়ো হয় তৃণমূল কংগ্রেসের হাজারো সদস্য। মেয়ো রোডে, কলকাতা, ২৮ আগস্ট। ছবি: ভাস্কর মুখার্জি
সমাবেশে জড়ো হয় তৃণমূল কংগ্রেসের হাজারো সদস্য। মেয়ো রোডে, কলকাতা, ২৮ আগস্ট। ছবি: ভাস্কর মুখার্জি

মমতা চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ‘কে এই বাংলায় এনআরসি চালু করবে? একবার বাংলায় হাত দিয়ে দেখুক, এখানে আমরা বাঘের বাচ্চারা বসে আছি। এনআরসি চালু অত সহজ নয়। যোগ্য জবাব পাবে।’ আরওর বলেন, ‘নোটবন্দি থেকে ধর্মীয় বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক উসকানি, আরএসএসের হিন্দুত্বের জঙ্গিপনা আর সহ্য করবে না বাংলার মানুষ। আগে লোকে খাকি হাফপ্যান্ট পরে আরএসএস করত, এখন তাদের শুরু হয়েছে ফাইভ স্টার কালচার। তাই এই বাংলা থেকে উৎখাত করা হবে সাম্প্রদায়িক বিজেপিকে।’

মমতা চ্যালেঞ্জ দিয়ে বলেন, ‘আগামী দিনে আর বিজেপি থাকবে না। তখন ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। এখন কেউ প্রতিবাদ করলেই সিবিআই আর ইডির ভয় দেখানো হচ্ছে। সেই ভয়তে আমরা কম্পিত নই। বাংলার মানুষ এর জবাব দেবে আগামী বছরের লোকসভা নির্বাচনে। তারা এই দেশ থেকে ছুড়ে ফেলে দেবে সাম্প্রদায়িক বিজেপিকে। ভারতে গঠিত হবে বিজেপিবিরোধী এক ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক সরকার।’

মুখ্যমন্ত্রী ছাত্রসমাজের উদ্দেশে বলেন, আজ দেশ ভাঙার চক্রান্ত চলছে। টাকা বিলিয়ে ভোট কেনা হচ্ছে। কুৎসা রটিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা হচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ছাত্রসমাজকে। কোনো প্রলোভনে যেন ছাত্রসমাজ নিজেদের আত্মসমর্পণ না করে, সেদিকে এখন থেকে সজাগ থাকতে হবে।