অমিত শাহর বক্তব্যের কড়া জবাব দিলেন তৃণমূলের নেতারা

পশ্চিমবঙ্গে মমতা সরকারকে হটানোর কথা বলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে কড়া জবাব দিল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। গত বুধবার দুদিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছিলেন অমিত শাহ। সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার তিনি পুরুলিয়ার শিমুলিয়া ময়দানে বিজেপি আয়োজিত এক জনসভায় ভাষণ দেন। সেখানে মমতা সরকারকে হটানোর কথা বলেন তিনি। সেই ময়দানেই গতকাল রোববার বিকেলে তৃণমূল জনসভা করে তাঁকে পাল্টা জবাব দিয়েছে।
অমিত শাহ জনসভায় বলেন, ‘পশ্চিমবঙ্গে মমতা সরকারের আয়ু ফুরিয়ে এসেছে। এবার এই সরকারকে উপড়ে ফেলতে হবে। আগামী বছর ভারতে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে তৃণমূলের ঘুম ছুটিয়ে দেব। এই সরকারের সময় আর বেশি দিন নেই। সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সরকার বাঁচাতে পারবেন না মমতা। তাই তো তাঁরা এবার পঞ্চায়েত নির্বাচনে দুই কোটি মানুষকে ভোট দিতে দেননি।’
অমিত শাহ আরও বলেছিলেন, ‘এবার এই রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২৩টি আসনে জিতবে বিজেপি। হটাবে মমতার দুঃশাসন। মমতা আগে সামলাক নিজের রাজ্য পশ্চিম বাংলা, তারপরে ভাবুক দিল্লি। দিল্লি এত সহজ নয়।’
অমিত শাহের বক্তব্যের জবাব দিয়ে তৃণমূলের নেতারা বলছেন, ‘আগে দিল্লি সামলাক অমিত শাহ। তারপরে ভাবুক বাংলা।’
তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘বাংলার ৪২টি লোকসভা আসনেই থাকবে তৃণমূল। এবার আমরা একজন বাঙালিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এই রাজ্যে মমতার বিকল্প নেই। এখানে ঠাঁই হবে না বিজেপির। বিজেপি এখানে সভা করেছিল পাশের রাজ্য ঝাড়খন্ড আর বিহার থেকে লোকজন এনে। আর আমরা জনসভা করলাম আমাদের লোকজন দিয়ে।’
শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘এবার শুরু হলো বিজেপি হটাও, দেশ বাঁচাও আন্দোলন। তাই তো আমাদের আওয়াজ তুলতে হবে, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে ভারতে একজন বাঙালি প্রধানমন্ত্রী চাই। ৪২-এ ৪২ আসন হবে আমাদের। এত সহজে মমতাকে এই রাজ্য থেকে সরানো যাবে না।’
অবশ্য ওই জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, শশী পাঁজাসহ অন্য নেতারা।