অমিত শাহের জন্য মেঘালয়ে 'গরুর মাংসের পার্টি'

ভারতে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহের মেঘালয় সফর উপলক্ষে গতকাল বুধবার সেখানে ‘গরুর মাংসের’ পার্টির আয়োজন করা হয়। দেশজুড়ে গরু জবাই নিষিদ্ধের চেষ্টার প্রতিবাদেই এই আয়োজন। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির।
মেঘালয়ের রাজধানী শিলংয়ে রাজ্য বিজেপির কার্যালয়ের সামনে ওই পার্টি আয়োজনের ঘোষণা দিয়েছে স্থানীয় দ্য মা উ রাংলি-জুকি (টিইউআর) নামের একটি সংগঠন। টিইউআরের আহ্বায়ক অ্যাঞ্জেলা রিংগার্ড ও তরুণ বলেন, ভারতের নীতি-আদর্শের বিরুদ্ধে বিজেপির অবস্থানের বিরোধিতা করতেই এই আয়োজন।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধী সম্প্রতি প্রকাশ্যে গরু ও মহিষ জবাই নিষিদ্ধ করার পক্ষে কথা বলেছেন।
এদিকে গরু জবাই নিষিদ্ধ করতে সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীর বক্তব্যে নাখোশ মেঘালয়ের রাজ্য বিজেপিও। দলটির রাজ্য শাখার সভাপতি লুর সিং লিংদো বলেন, ‘আমরা বিফ পার্টিতে যাব না। তবে আমরা গরু জবাই নিষিদ্ধের বিরোধী। মেঘালয়বাসী গরু ও শূকরের মাংস খায়।’