
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে কলকাতার আদালতে করা মামলার শুনানি আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে আদালত অমিত শাহকে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে কলকাতার নগর ও দায়রা আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
১১ আগস্ট অমিত শাহ কলকাতার ধর্মতলার মেয়ো রোডে বিজেপি যুব মোর্চা আয়োজিত এক বিশাল সমাবেশে তাঁর বক্তব্যে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থ নিয়ে রাজ্য সরকারের দুর্নীতি করার অভিযোগ তোলেন। আর এ কথাকে হজম করতে পারেনি তৃণমূল কংগ্রেস। তাই অমিত শাহের ভাষণের পরই সেদিন কলকাতার তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় সচিবালয় তৃণমূল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তৃণমূল সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন ঘোষণা দিয়ে বলেছিলেন, মিথ্যা কথা বলার জন্য অমিত শাহকে ৪৮ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নতুবা আইনের আশ্রয় নেবে তৃণমূল। ডেরেক এ কথাও বলেছিলেন, ‘বাংলার শুদ্ধ শুচি, শুদ্ধ রুচি’র সংস্কৃতিকে অপমান করেছেন অমিত শাহ। উনি বাংলার সংস্কৃতি বোঝেন না। আল ফাল মিথ্যে কথা বলেছেন। ওনার ক্ষমা চাইতে হবে।’
অমিত শাহ তাঁর ভাষণে বলেছিলেন, ‘কেন্দ্রের পাঠানো টাকা দুর্নীতি করে গায়েব করে দেওয়া হচ্ছে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই সারদা, নারদা, রোজভ্যালি, সিন্ডিকেট, কয়লা মাফিয়া, বন্দর মাফিয়া, ভাইপো, ক্যাটেল মাফিয়ারা পশ্চিমবঙ্গ দখল করে নিয়েছে।’ এরই পরিপ্রেক্ষিতে ডেরেক ও’ব্রায়েন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, অবিলম্বে ক্ষমা না চাইলে অমিত শাহকে আদালত পর্যন্ত টেনে নেওয়া হবে। তারই পরিপ্রেক্ষিতে ১৩ আগস্ট তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি ও মমতার ভাইয়ের ছেলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে একটি উকিল নোটিশ পাঠিয়ে বলেছেন, অমিত শাহ মিথ্যে অভিযোগ এনে তাঁর সম্মানহানি করেছেন। এর জন্য যদি তিনি ক্ষমা না চান, তবে তাঁর বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উকিল নোটিশ পাঠালেও সায় মেলেনি। এরপর তিনি নগর দায়রা আদালতের ৮ নম্বর মেট্রোপলিটন বিচারকের আদালতে মানহানির মামলা করেন। সেই মামলার শুনানি শেষে আজ বুধবার বিচারক অমিত শাহকে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।