অরুণাচল সীমান্তে ভারত ও চীনের সেনাদের হাতাহাতি
ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তে চীনের সেনাবাহিনীর (পিএলএ) সদস্যদের সঙ্গে ভারতীয় সেনাদের হাতাহাতির ঘটনা ঘটেছে। পিএলএর ২৭৬ জন সদস্য গতকাল বুধবার ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়লে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে।
সীমান্তের চারটি এলাকা দিয়ে চীনা সেনারা ভারতে ঢুকে পড়ে বলে সে দেশের সেনা কর্তৃপক্ষ দাবি করেছে। তারা বলছে, দুই দেশের সীমান্তের ইয়াংসে অঞ্চলের শংকর তিকরিতে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) এ ঘটনা ঘটে। অরুণাচলের ওই এলাকাকে চীন তাদের অংশ বলে দাবি করে। ভারতীয় সেনারা দ্রুত ছুটে গিয়ে ঢুকে পড়া চীনা সেনাদের হটিয়ে দেয়। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সীমান্তের একটি এলাকায় ‘সামান্য হাতাহাতির’ ঘটনা স্বীকার করা হয়েছে।
সূত্র জানায়, এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরে পিএলএর চার কর্মকর্তা এক দোভাষীকে সঙ্গে নিয়ে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। চীনের প্রতিনিধিদলটি ভারতীয় সেনা কর্মকর্তাদের দুই প্যাকেট চকলেট এবং আরও কিছু উপহার দেয়। এরপর উত্তেজনা প্রশমিত হয়।