অরুণাচলে কংগ্রেস সরকার বহালের নির্দেশ আদালতের
ভারতীয় সংঘ পরিবারের পাহাড় জয়ের স্বপ্ন ফের ধাক্কা খেল সর্বোচ্চ আদালতে। পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডের মতোই অরুণাচল প্রদেশে নির্বাচিত কংগ্রেস সরকারকে অপসারণ নরেন্দ্র মোদী সরকারের ঠিক হয়নি বলে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ সাফ জানিয়ে দিল। একই সঙ্গে অরুণাচল প্রদেশে কংগ্রেসের নাবম টুকিকে মুখ্যমন্ত্রীর কুরসি ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালতের বিচারপতিরা।
বুধবারই আসামের রাজধানী গুয়াহাটিতে উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক দলগুলোকে বাগে আনতে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব বৈঠকে বসেন। আত্মপ্রকাশ ঘটে নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা নেডার। উপস্থিত ছিলেন খোদ বিজেপি সভাপতি অমিত শাহ, রাষ্ট্রীয় স্বয়ং সেবক ঘনিষ্ঠ সাধারণ সম্পাদক রাম মাধব ও রামলালাল জী।
আসাম ছাড়াও উত্তর পূর্ব ভারতের প্রতিটি রাজ্যের আঞ্চলিক দলগুলির শীর্ষ নেতাদের উপস্থিতিতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বৈঠকটি। সিকিমের শাসক দল এসডিএফ, মিজোরামের এমএনএফ, ত্রিপুরার আইপিএফটি, মেঘালয়ের ইউডিপিএম, মণিপুরের এমপিপি, নাগাল্যান্ডের এনপিপি ছাড়াও অরুণাচলের বর্তমান মুখ্যমন্ত্রী কালিকো পল ও আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বৈঠকে যোগ দেন। নেডার আহ্বায়ক আসামের অর্থমন্ত্রী হীমন্ত বিশ্বশর্মা সকাল থেকেই বেশ উৎফুল্ল ছিলেন উত্তর পূর্ব ভারতে তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের আভাস দেখে।
কিন্তু সব সময়ই সকাল দেখে দিন বিচার হয় না বুধবার সেটা আবার টের পেলেন বিজেপি নেতারা। এদিন দুপুরেই সর্বোচ্চ আদালতের রায়ে সেটাই স্পষ্ট। ভারতী সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, রাজ্যপাল জ্যোতি প্রসাদ শইকিয়ার অরুণাচল প্রদেশের ভূমিকা ছিল অসাংবিধানিক। গত বছরের ১৫ ডিসেম্বর কংগ্রেসি মুখ্যমন্ত্রী নাবম টুকির ক্ষমতা কেড়ে নেওয়াও ঠিক হয়নি বলে ডিভিশন বেঞ্চ সর্বসম্মত ভাবে মত প্রকাশ করে সরকারকে নির্দেশ দিয়েছে অরুণাচলে ২০১৫-র ১৫ ডিসেম্বরের আগের অবস্থায় ফিরে যেতে হবে। অর্থাৎ কংগ্রেসকেই ক্ষমতায় ফেরাতে হবে।
সর্বোচ্চ আদালতের এই রায়ে উল্লসিত কংগ্রেস। দলের সহসভাপতি রাহুল গান্ধী টুইট করেছেন, ‘সর্বোচ্চ আদালতের রায় শিরোধার্য। মিস্টার প্রধানমন্ত্রী শিক্ষা নিন, গণতন্ত্র কাকে বলে!’ গুয়াহাটিতে নেডার বৈঠকের ফাঁকে অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কালিকো পল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমার হাতে সংখ্যাগরিষ্ঠতা আছে। তাই সরকার আমিই চালাব। আদালত সরকার চালায় না।’ বিজেপি নেতারা অবশ্য এখনই মুখ খুলতে নারাজ। নেডার আহ্বায়ক হীমন্ত বিশ্বশর্মা অবশ্য দাবি করেছেন, সর্বোচ্চ আদালতের রায়ে নেডার জয়যাত্রা বিন্দুমাত্র বিঘ্নিত হবে না। উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যেই বিজেপি তার সমমনোভাবাপন্ন দলগুলোকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসবে বলেও সাংবাদিকদের কাছে তিনি আশা প্রকাশ করেন।
নেডা নিয়ে কথা বলতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, ‘অনুপ্রবেশ আর সন্ত্রাসের কারণেই সবদিক থেকে পিছিয়ে আছে উত্তর পূর্ব ভারত। তবে এই অঞ্চলের উন্নয়নের সম্ভাবনা উজ্জ্বল।’