অরুণাচলে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৭
ভারতের অরুণাচল প্রদেশে চীন সীমান্তের কাছে একটি ফৌজি হেলিকপ্টার (চপার) বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন সেনাসদস্য ও পাঁচজন বিমানবাহিনীর কর্মকর্তা ছিলেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গতকাল সকালে অরুণাচল প্রদেশের খিমরু থেকে ইয়াংটসের সেনাছাউনির উদ্দেশে ওই সাতজন রাশিয়ায় নির্মিত ভারতীয় বিমানবাহিনীর এমআই-১৭ চপারটি নিয়ে রওনা দেন। চপারটিতে কেরোসিনের জার ছিল। তাওয়াং থেকে ১৩০ কিলোমিটার দূরে টাপুগড়ে কেরোসিনের জারে আগুন লেগে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলে চপারে থাকা সাতজনের মৃত্যু হয়। পরে তল্লাশি চালিয়ে বিকেলেই লাশ উদ্ধার করে আসামের তেজপুরে বিমানবাহিনীর ছাউনিতে আনা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সেনাবাহিনী।
অরুণাচল প্রদেশে প্রায়ই হেলিকপ্টার ও ফৌজি উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়ে। বর্তমান মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর বাবা দোরজি খান্ডু রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন চপার দুর্ঘটনায় নিহত হন। চলতি বছরের মে মাসে সুকোই বিমান চীন সীমান্তে ভেঙে পড়লে দুই বৈমানিকের মৃত্যু হয়। জুলাইয়ে আরেকটি ফৌজি চপার দুর্ঘটনায় এক সেনাসদস্যসহ চারজনের মৃত্যু হয়।