অরুণাচলেও 'বাংলাদেশি' ধরার অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরুণাচলেও শুরু হয়েছে ‘বাংলাদেশি’ খোঁজার নামে ভারতীয়দের হয়রানি। ছবি: সংগৃহীত
অরুণাচলেও শুরু হয়েছে ‘বাংলাদেশি’ খোঁজার নামে ভারতীয়দের হয়রানি। ছবি: সংগৃহীত

আসামের দেখাদেখি অরুণাচল প্রদেশ সরকারও শুরু করল ‘বাংলাদেশি’ খোঁজার অভিযান। এই অভিযানে অবশ্য সবচেয়ে সমস্যায় পড়েছে ভারতীয় নাগরিকেরা। সঙ্গে অরুণাচল প্রদেশে উন্নয়নকাজের সঙ্গে যুক্ত ঠিকাদার ও তাঁদের শ্রমিকেরা। ফলে সমস্যা দেখা দিয়েছে উন্নয়নেও।

‘বিদেশি’ বা ‘বাংলাদেশি’ শনাক্ত করতে আসামের বিজেপি সরকার জাতীয় নাগরিক পঞ্জীকরণকে (এনআরসি) হাতিয়ার করেছে। চূড়ান্ত খসড়া তালিকায় রাজ্যেরই ৪০ লাখ মানুষের নাম বাদ পড়েছে। তারা সবাই ভারতীয় ভাষিক ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষ বলে দাবি করছে বিভিন্ন দল ও সংগঠন।

এদিকে আসামের এ উদ্যোগের ফলে সেই রাজ্য থেকে বহু ‘বাংলাদেশি’ অরুণাচলে ঢুকতে পারে, এ আশঙ্কায় পথে নামে অরুণাচল প্রদেশ ছাত্র সংস্থা (আপসু)। প্রথমে তারাই শুরু করে ‘চেকিং’। পরে অবশ্য বিজেপিশাসিত এ রাজ্যটির পুলিশও তৎপর হয়।

আইএলপি। এটা না হলেও ভারতীয়রাও ঢুকতে পারে না অরুণাচলে। ছবি: সংগৃহীত
আইএলপি। এটা না হলেও ভারতীয়রাও ঢুকতে পারে না অরুণাচলে। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, অরুণাচল প্রদেশে প্রবেশ করতে গেলে ভারতীয়দেরই কম করে ১০০ রুপি সরকারি কোষাগারে জমা দিয়ে ১৫ দিনের জন্য অনুমতি নিতে হয়। এমনকি ভিনরাজ্য থেকে সরকারি চাকরি করতে এলেও নিতে হয় বিশেষ অনুমতি। নিজেদের নাগরিকত্বের প্রমাণ দিয়ে ভিসা পদ্ধতির থেকেও জটিল পদ্ধতির মাধ্যমে ভারতীয়দেরও নিতে হয় এ অনুমতি। যার পোশাকি নাম ইনার লাইন পারমিট (আইএলপি)।

বিদেশিদের জন্য অবশ্য আইন আরও কড়া। তাদের লাগে রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট। এটা নিতে হয় ভারত সরকারের কাছ থেকে। আগে আইএলপির ঝামেলায় না গিয়ে ঠিকাদাররা ভিনরাজ্য থেকে নিয়ে আসতেন শ্রমিকদের। নির্মাণকাজে সহায়তা করতেন তাঁরা। এখন শুরু হয়েছে ধরপাকড়।

রাজ্য পুলিশের ডিজি এস বি কে সিং সাংবাদিকদের জানিয়েছেন, ৩০ জুলাই এনআরসি প্রকাশের পর থেকে এখনো পর্যন্ত ২ হাজার ৩৩৩ জন গ্রেপ্তার হয়েছে। তাদের কারও আইএলপি নেই বলে অভিযোগ।

পুলিশের এই কড়াকড়ির ফলে আসাম থেকে শ্রমিকেরা অরুণাচলে যেতে চাইছেন না। ফলে বহু উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে পড়েছে। সমস্যায় পড়েছেন ঠিকাদাররাও। কিন্তু কেউই প্রকাশ্যে মুখ খুলে স্থানীয় বা ‘ভূমিপুত্র’দের বিরাগভাজন হতে চাইছেন না।