অরুণাচলের সাবেক মুখ্যমন্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অরুণাচল রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী কালিখো পুলের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজধানী ইটানগরে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসন থেকে ৪৭ বছর বয়সী এই নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। রাজ্য পুলিশপ্রধান এস নিত্যানন্দন সাংবাদিকদের এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশে সম্প্রতি মুখ্যমন্ত্রীর আসন খোয়ান হিউম্যানিটেশন নিয়ে স্নাতক কালিখো পুল। আঞ্জৌ জেলার হাউলিয়াং বিধানসভা থেকে নির্বাচিত বিধায়ক ও সাবেক মন্ত্রী মাস চারেক আগে বিজেপির সমর্থনে সরকার গঠন করেন। কিন্তু সর্বোচ্চ আদালতের নির্দেশে ইস্তফা দিতে হয় তাঁকে। অন্যরা কংগ্রেসে ফিরে গেলেও কালিখো পুল নিজের হাতে গড়া অরুণাচল পিপলস পার্টিতেই থেকে যান। মুখ্যমন্ত্রীর কুর্সি চলে গেলেও সরকারি আবাসন ছাড়েননি তিনি। তাঁর নিজের বাড়ির কাজ চলছে, এ কারণে তাঁকে আরও কিছুদিন সরকারি আবাস ছেড়ে দিয়েছিল প্রেমা খান্ডুর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার।

সাবেক এই মুখ্যমন্ত্রীর মৃত্যুতে বর্তমান মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু, সাবেক মুখ্যমন্ত্রী নাবুম টুকিসহ অনেকেই শোক প্রকাশ করেছেন। সাংবাদিকদের নাবুম টুকি জানান, বহুদিন ধরেই মানসিক বিষণ্নতায় ভুগছিলেন কালিখো পুল।

রাজ্য পুলিশের ডিজির এস সত্যানন্দন সাংবাদিকদের বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।