অরুণাচলের সেনা ছাউনিতে জঙ্গি হামলা
ভারতের অরুণাচল প্রদেশে গতকাল সোমবার দিবাগত গভীর রাতে সশস্ত্র সংগঠন এনএসসিএনের (কে) সদস্যদের সঙ্গে ভারতীয় সেনার গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। ভারতীয় সেনা সূত্রে এই গুলি বিনিময়কে তেমন একটা গুরুত্ব দেওয়া না হলেও সন্ত্রাসী গোষ্ঠীটির দাবি, তাদের অতর্কিত হানায় অন্তত ৪০ জন জওয়ান গুরুতর জখম বা নিহত হয়েছেন।
এনএসসিএন (কে) বা ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড ভারতের নাগাল্যান্ড রাজ্যের সশস্ত্র সংগঠন। এ সংগঠনের খাপলিং গোষ্ঠীর সঙ্গে ভারত সরকারের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের শুরু হয়েছে রক্তক্ষয়ী যুদ্ধ।
ভারতীয় সেনা সূত্রের খবর, উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের নিয়াসুয়া এলাকায় একটি সেনা ছাউনিতে সোমবার রাত একটার দিকে সন্দেহভাজন জঙ্গিরা হালকা রেঞ্জের অস্ত্র দিয়ে হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু সেনা জওয়ানেরা পাল্টা জবাব দিতেই পালিয়ে যায় জঙ্গিরা। এ ঘটনায় কেউ জখম হননি বলে মঙ্গলবার সন্ধ্যায় দাবি করেন নাগাল্যান্ডের কোহিমায় কর্মরত ফৌজি মুখপাত্র চিরঞ্জিৎ কানোয়ার। তাঁর দাবি, সন্ত্রাসীদের ধরতে সেনা অভিযান চলছে।
অন্যদিকে সন্ত্রাসীদের তরফে বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়, তারা মর্টার, রকেটলঞ্চারসহ বিভিন্ন আধুনিক অস্ত্রসহ ভারতীয় সেনাছাউনিতে আক্রমণ চালায়। এ ঘটনায় হতাহতের সংখ্যা অন্তত ৪০। তবে জঙ্গিদের পক্ষে নাকি হতাহতের কোনো খবর নেই।
গত সপ্তাহেই ভারতীয় সেনারা দাবি করেছিল, এনএসসিএন (কে) জঙ্গিদের সঙ্গে তাদের ব্যাপক গুলি বিনিময় হয়। এতে বড় ধরনের ক্ষতি হয়েছে জঙ্গিগোষ্ঠীটির। মঙ্গলবার পাল্টা আক্রমণের পর এনএসসিএনের (কে) দাবি, তাদের শক্তি যে কমেনি, সেটা বোঝাতেই এদিনের হামলা।