অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বড় প্রতিবেশী দেশটির সঙ্গে এ বছরই একটি স্থায়ী অর্থনৈতিক চুক্তি করার আশা প্রকাশ করেছেন। ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার এই চুক্তির ঘোষণা দেশটির চীনের বিনিয়োগের ওপর নির্ভরতা কমানো এবং
ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের একটি ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। খবর রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়ার।
তিন দিনের সফরে গত সোমবার ভারতে যান বিক্রমাসিংহে। গত মাসে প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর। গত জানুয়ারি মাসে নির্বাচিত হওয়ার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাও প্রথম বিদেশ সফরে বেছে নেন ভারতকেই।
গতকাল বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন বিক্রমাসিংহে। এরপর দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। সেখানে বিক্রমাসিংহে বলেন, ‘বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিসংক্রান্ত অর্থনৈতিক বিষয়াদি নিয়ে একটি স্থায়ী চুক্তি করার চেষ্টা করছি।’
বিক্রমাসিংহে বলেন, তাঁর জাতীয় ঐক্যের সরকারকে ভারতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের ম্যান্ডেট দিয়েছে শ্রীলঙ্কার জনগণ।
গত মাসের নির্বাচনে বিক্রমাসিংহের বিজয় গত জানুয়ারিতে হওয়া প্রেসিডেন্ট নির্বাচনের আরেক পর্ব। দুটি পর্বেই তামিল বিদ্রোহ দমনকারী জাতীয়তাবাদী নেতা মাহিন্দা রাজাপক্ষের পরাজয় ঘটে। কেবল বিদ্রোহ দমনই নয়, রাজাপক্ষে কয়েক শ কোটি ডলারের চীনা বিনিয়োগও এনেছিলেন। তাঁর সঙ্গে চীনের এই সম্পর্ক ভারত মহাসাগরে চীনের উপস্থিতি জোরদারের চেষ্টার অংশ বলেই মনে করে ভারত। সংগত কারণেই ভারত বিষয়টি নিয়ে সন্তুষ্ট ছিল না।
জানুয়ারির নির্বাচন এবং সর্বশেষ গত মাসের সাধারণ নির্বাচনে রাজাপক্ষের পরাজয় ভারতের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই বিশ্লেষকেরা মনে করেন।
সংবাদ সম্মেলনে বিক্রমাসিংহে বলেন, এ বছরের শেষ নাগাদ দুই দেশের মধ্যে অর্থনৈতিক চুক্তির খসড়া হবে। আগামী বছরের মাঝামাঝি সময়ে চুক্তিটি সম্পন্ন হবে।
গত বছরের মে মাসে নির্বাচিত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে শ্রীলঙ্কার সম্পর্কে সম্পর্ক উন্নয়নে সচেষ্ট হন মোদি। তামিল বিদ্রোহীদের দমন নিয়ে তাদের প্রতি সহানুভূতিশীল ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্কে টানাপোড়েন চলছিল বেশ কয়েক বছর ধরে।
ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক সম্পর্ক জোরদারের মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নয়নে নতুন ধারার সৃষ্টি হতে যাচ্ছে। গতকাল মোদিও বলেন, ‘আমরা দুটি দেশই নিবিড় অর্থনৈতিক সম্পর্ক চাই। শ্রীলঙ্কার উন্নয়ন ভারতের জন্যও তাৎপর্যপূর্ণ।’
দু দেশের মধ্যে বাণিজ্যের অসমতা দূর করার প্রত্যয় ঘোষণা করেন মোদি। অবকাঠামো, বিদ্যুৎ এবং পরিবহন খাতে শ্রীলঙ্কায় ভারতীয় বিনিয়োগ আগ্রহের কথাও জানান তিনি।