অর্মত্য সেনকে নিয়ে ‘বিজেপির নোংরা খেলা’ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেনের শান্তিনিকেতনের প্রতীচী বসতবাড়ির জায়গা নিয়ে বিতর্কের জেরে প্রতিবাদ সমাবেশ করেছেন কলকাতার বিশিষ্টজনেরা।
ছবি: ভাস্কর মুখার্জি

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি প্রতীচীর জায়গা নিয়ে বিতর্কের জেরে প্রতিবাদ সমাবেশ করেছেন কলকাতার বিশিষ্টজনেরা। তাঁরা অমর্ত্য সেনকে নিয়ে বিজেপির নোংরা খেলা বন্ধের দাবি জানিয়েছেন।


স্থানীয় সময় গতকাল রোববার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি চত্বরে প্রতিবাদ সমাবেশে যোগ দেন কলকাতার বিশিষ্টজনেরা। তাঁরা বলেন, অমর্ত্যকে অপমান বাংলার মানুষ সইবে না। বসতবাড়ির জায়গা নিয়ে অমর্ত্য সেনকে কোনোক্রমেই হেনস্তা করা যাবে না। বিজেপিকে অবিলম্বে অমর্ত্য সেনের কাছে ক্ষমা চাইতে হবে।

ওরা বাংলার সংস্কৃতি জানে না। বাংলার আবেগ নিয়ে ওদের ছিনিমিনি খেলতে দেব না।
কবীর সুমন,সংগীতশিল্পী

এই প্রতিবাদ সমাবেশ ডেকেছিলেন কলকাতার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব এবং রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ব্রাত্য বসু। এই প্রতিবাদী সমাবেশে উপস্থিত হয়ে বিদ্বজ্জনেরা দাবি তোলেন, বিজেপির এই ‘বাঙালি অপমান আমরা মানছি না, মানব না’।

মন্ত্রী ব্রাত্য বসু বলেন, অমর্ত্য সেন শুধু বাংলার নয়, সারা পৃথিবীর কাছে শ্রদ্ধেয়। বিজেপির বিরুদ্ধে কথা বলায় অমর্ত্য সেনকে নিয়ে এবার রাজনীতি শুরু করেছে বিজেপি। তার যোগ্য জবাব দেবে এই বাংলার মানুষ।

সংগীতশিল্পী কবীর সুমন বলেন, ওরা বাংলার সংস্কৃতি জানে না। বাংলার আবেগ নিয়ে ওদের ছিনিমিনি খেলতে দেব না।

চিত্রকর যোগেন চৌধুরী বলেন, আগে ওরা ক্ষমা চাক, তারপর ওদের সঙ্গে কথা।
কবি জয় গোস্বামী বলেন, অমর্ত্য সেনকে নিয়ে রাজনীতি করার সাহস ওরা কোথায় পেল? এর ফল ভুগতে হবে ওদের।

চিত্রকর শুভাপ্রসন্ন বলেন, বাংলার সংস্কৃতির ক্ষেত্রে এটি ভয়ংকর সময়। অমর্ত্য সেনের মতো মানুষকে অপমান করার ফল ওরা পাবে।

এই সমাবেশে যোগ দিয়ে প্রতিবাদ জানান প্রখ্যাত সংগীতশিল্পী কবির সুমন, কবি জয় গোস্বামী, কবি সুবোধ সরকার, চিত্রকর শুভাপ্রসন্ন, চিত্রকর যোগেন চৌধুরী, তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সংগীতশিল্পী সৈকত মিত্র, সৌমিত্র রায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, আবৃত্তিকার সুতপা তালুকদার প্রমুখ বিশিষ্টজনেরা।

নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাসস্থান রয়েছে শান্তিনিকেতনে। দীর্ঘকাল ধরে শান্তিনিকেতনে অমর্ত্যর পূর্বপুরুষদের প্রতীচী নামের এই বাসভবন অবস্থিত। সেখানেই তাঁর পিতা–মাতা জীবন কাটিয়েছেন। বিশ্বভারতী কর্তৃপক্ষ দাবি তুলেছে, ওই প্রতীচী বাসভবন এলাকায় বিশ্বভারতীর কিছু জায়গা রয়েছে। এ নিয়েই শুরু হয় বিতর্ক। যদিও অমর্ত্য সেন জানিয়েছেন, ওই জায়গার প্রয়োজনীয় কাগজপত্র তাঁদের কাছে আছে।

অমর্ত্য সেন শুধু বাংলার নয়, সারা পৃথিবীর কাছে শ্রদ্ধেয়। বিজেপির বিরুদ্ধে কথা বলায় অমর্ত্য সেনকে নিয়ে এবার রাজনীতি শুরু করেছে বিজেপি। তার যোগ্য জবাব দেবে এই বাংলার মানুষ।
মন্ত্রী ব্রাত্য বসু

অমর্ত্য সেন বারবার কেন্দ্রীয় মোদি সরকারকে রাষ্ট্রের অর্থনীতি নিয়ে সমালোচনা করেছেন। আর এটাই মেনে নিতে পারেনি বিজেপি। তৃণমূলের অভিযোগ, এরপরই বিজেপি অমর্ত্য সেনকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য উদ্যোগী হয়েছে।