অশান্ত দার্জিলিং এখনো শান্ত হয়নি
ভারতের পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকা দার্জিলিংয়ে ১২ জুন থেকে শুরু হওয়া বনধ (হরতাল) আজ শুক্রবার ২৬ দিনে পড়েছে।
বাংলা ভাষাকে পশ্চিমবঙ্গের বিদ্যালয়ে পড়ানোর ঘোষণা দেওয়ার প্রতিবাদে এই বনধ শুরু হলেও এখন পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবিতে তা আরও জোরদার হয়েছে।
টানা বনধ চলার কারণে কার্যত অচল হয়ে পড়েছে দার্জিলিং। যান চলাচল, দোকান, বাজার, স্কুল ও কলেজ বন্ধ হয়ে গেছে। ফাঁকা হয়ে গেছে হোটেল-রেস্তোরাঁ। বন্ধ হওয়ার হুমকির মুখে পড়েছে দার্জিলিংয়ের পর্যটন শিল্প।
গতকাল বৃহস্পতিবার দার্জিলিংয়ের কালিম্পং জেলার পেডংয়ে বিভিন্ন আঞ্চলিক দল নিয়ে গড়া সর্বদলীয় সমন্বয় কমিটির বৈঠক হয়। বিকেল থেকে শুরু হওয়া এই বৈঠক টানা ছয় ঘণ্টা চলে। তবে বৈঠকে বনধ প্রত্যাহারে কোনো সিদ্ধান্ত হয়নি।
বৈঠক শেষে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং ঘোষণা দিয়েছেন, তাঁদের ঘোষিত অনির্দিষ্টকালের বনধ চলবে। ১৮ জুলাই অনুষ্ঠেয় সর্বদলীয় সমন্বয় কমিটির বৈঠকে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।
বৈঠকে পৃথক গোর্খাল্যান্ড গড়ার দাবিতে আন্দোলন দার্জিলিং থেকে ডুয়ার্স এবং তরাই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের মানচিত্রও প্রকাশ করা হয়। মানচিত্রে দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং, মিরিকসহ ডুয়ার্সের আসাম সীমান্তের সংকোশ পর্যন্ত এবং তরাই অঞ্চলকে গোর্খাল্যান্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে।