অশান্ত দার্জিলিংয়ে ফের সরকারি দপ্তরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে চলমান আন্দোলন আরও তীব্র হয়ে উঠছে। গত ১২ জুন থেকে শুরু হওয়া বন্‌ধ্‌ এখনো চলছে। বিভিন্ন জায়গায় ভাঙচুর, পর্যটনমন্ত্রীর গাড়ি ও স্থানীয় পুলিশ ফাঁড়িতে হামলা এবং সরকারি দপ্তরে আগুন দিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকেরা।

আজ বৃহস্পতিবার সুখিয়াপোখরিতে শতাধিক কর্মী-সমর্থক নিয়ে জনমুক্তি মোর্চায় যোগ দিয়েছেন দার্জিলিং পৌরসভার তৃণমূল কাউন্সিলর চমুচুম ভুটিয়া। এর আগে কালিম্পংয়ে তৃণমূলের দুই কাউন্সিলর তৃণমূল থেকে পদত্যাগ করেছেন।

পানিঘাটায় আজ দার্জিলিংয়ের প্রখ্যাত কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে যাওয়ার পথে সড়কে পাথর ফেলে তাঁর গাড়ি আটক করে ইটপাটকেল ছোড়া হয়। কোনো রকমে মন্ত্রী এলাকা ছেড়ে চলে যাওয়ার পর পুলিশের গাড়ি ও স্থানীয় ফাঁড়িতে হামলা চালান মোর্চার সমর্থকেরা।

পর্যটনমন্ত্রী গৌতম দেব অভিযোগ করেছেন, বিজেপি দার্জিলিংয়ে পৃথক রাজ্য আন্দোলনে মদদ দিচ্ছে। তারা শান্তি ফেরাতে নিরাপত্তা বাহিনী পাঠাচ্ছে না। তিনি বলেন, ‘আমরা বাংলা ভাগ হতে দেব না। মোর্চা আগুন নিয়ে খেলছে। মোর্চা এখন ভয়ভীতি দেখিয়ে জোর করে তৃণমূলের সমর্থকদের নিজেদের দলে টানছে।’

রাজ্য সরকারের দেওয়া ভানুভক্ত পুরস্কার ফিরিয়ে দিয়েছেন দার্জিলিংয়ের তিনজন সাহিত্যিক ও শিল্পী। তাঁরা পুরস্কার ফিরিয়ে দিয়ে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার আন্দোলনে শামিল হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাতে ও আজ সকালে সুকনায় রাজস্ব পরিদর্শকের কার্যালয়ে আগুন দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকেরা। আজ সালেবং এলাকায় সিকিমগামী অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া গয়াবাড়ি রেলস্টেশন, জিটিএর পর্যটন তথ্যকেন্দ্র, কালিম্পংয়ের বনভূমি দপ্তরের বাংলো ও ধাত্রে এলাকার বন দপ্তরের আবাসনে আগুন দেওয়া হয়। ডিএইচআর গোডাউন ও তামাং বোর্ডের চেয়ারম্যানের বাড়িতে হামলা এবং দার্জিলিংয়ের পাঁচটি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়। আগামীকালের মধ্যে তামাং বোর্ডের সদস্যদের ইস্তফা দিতে মোর্চা থেকে হুমকি দেওয়া হয়েছে।

জানা গেছে, এখন পর্যন্ত দার্জিলিংয়ে মোর্চার সমর্থকেরা অন্তত ৫০টি সরকারি দপ্তরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সব বিদ্যালয়ে বাংলা ভাষা পড়ানো আবশ্যিক করলে আপত্তি তোলে গোর্খা জনমুক্তি মোর্চা। রাজ্য সরকারের এ আদেশের বিরুদ্ধে তারা গত ১২ জুন থেকে অনির্দিষ্টকালের বন্‌ধ্‌ ডাকে। সেই বন্‌ধ্‌ এখনো চলছে। সেই আন্দোলন এখন পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার আন্দোলনে পরিণত হয়েছে।