অশিক্ষক নিয়োগেও বাধা ত্রিপুরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অশিক্ষক নিয়োগ নিয়েও বাধার মুখে পড়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপিএম সরকার।

গতকাল বুধবার ভারতের সুপ্রিম কোর্ট ১৩ হাজার অশিক্ষক (শিক্ষক নন এমন কর্মী) নিয়োগের ওপর ২৪ অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছেন।

এর আগে চলতি বছরই ত্রিপুরায় ১০ হাজার ৩২৩ জন শিক্ষক নিয়োগ অবৈধ ঘোষণা করেছিলেন সর্বোচ্চ আদালত।

শুধু তা-ই নয়, বছর পাঁচেক ধরে কর্মরত শিক্ষকদের চলতি বছরের ৩১ ডিসেম্বর চাকরির মেয়াদ শেষ বলেও জানিয়ে দেন সুপ্রিম কোর্ট। আদালতের এসব সিদ্ধান্তে বিপাকে পড়ে রাজ্য সরকার।

ওই সময় রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সরকার চাকরিচ্যুত ব্যক্তিদের পাশে থাকবে।

উদ্ভূত পরিস্থিতিতে চাকরিচ্যুত ব্যক্তিদের জন্য রাজ্যে বিকল্প কর্মসংস্থানের চেষ্টাও শুরু হয়। এরই মধ্যে ১৩ হাজার অশিক্ষক পদে নিয়োগের ঘোষণা দেয় রাজ্য সরকার। তবে সরকারের এই উদ্যোগে বাদ সাধেন জনৈক দেবাশিস পাল চৌধুরী। তিনি সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা ঠুকে দেন।

দেবাশিস পাল চৌধুরীর ভাষ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিচ্যুত ব্যক্তিদের পুনর্বাসনের স্বার্থে রাজ্য সরকার অশিক্ষকের পদ সৃষ্টি করেছে। এটা আদালত অবমাননার সমতুল্য।

গতকাল মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে। রাজ্য সরকারের তরফে জানানো হয়, ১০ হাজার ৩২৩ জন শিক্ষকের চাকরিচ্যুতির সঙ্গে অশিক্ষক নিয়োগের কোনো সম্পর্ক নেই। তাই বিষয়টি আদালত অবমাননা হতে পারে না।

প্রাথমিকভাবে সর্বোচ্চ আদালত রাজ্য সরকারের যুক্তি মেনে নেন। তবে বিচারপতি আদর্শ কুমার গোয়েল ও বিচারপতি উদয় উমেশ ললিত রাজ্য সরকারের কাছে জানতে চান, হঠাৎ করে কী কারণে এই অশিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হলো।

জবাব দেওয়ার জন্য রাজ্য সরকার সময় চায়। ২৪ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির তারিখ রেখেছেন আদালত। ওই দিন পর্যন্ত অশিক্ষক নিয়োগপ্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

ত্রিপুরায় ফেব্রুয়ারি মাসে বিধানসভা ভোট। তার আগে সুপ্রিম কোর্টের এই নির্দেশে বেশ বিপাকে শাসক দল। সেই সঙ্গে চাকরিচ্যুত ১০ হাজার ৩২৩ জন শিক্ষকের দুশ্চিন্তাও আরও বেড়ে গেল।