ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো বিরোধীদলীয় নেতা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মুখোমুখি বসলেন নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে চা পানে আমন্ত্রণ জানান সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। মোদি সরকার সারা দেশে যে অভিন্ন পণ্য ও পরিষেবা কর (জিএসটি) চালু করতে চায়, তা নিয়েই আলোচনা করেন তাঁরা।
মোদির সঙ্গে মনমোহন-সোনিয়ার বৈঠকের সময় সেখানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘জিএসটি বিল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কংগ্রেসের আলোচনা হয়েছে। তারা তিনটি আপত্তির কথা জানিয়েছিল, এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এখন বিষয়টি নিয়ে কংগ্রেস নিজেদের মধ্যে কথা বলবে। এরপর দুই পক্ষ আরও আলোচনা করবে।’
আর কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেছেন, ‘আমাদের দাবিগুলো অরাজনৈতিক। আমরা শুধু জাতীয় স্বার্থের কথা ভাবছি এবং চাইছি জিএসটি যেন কার্যকর কিছু হয়।’
অসহিষ্ণুতা নিয়ে কিছুই বললেন না মোদি: কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনার আগে গতকাল পার্লামেন্টে ভাষণ দেন মোদি। ধারণা করা হচ্ছিল, দেশজুড়ে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সে বিষয়ে মোদি সরাসরি এমন কিছু বলবেন, যাতে তাঁকে ও তাঁর সরকারকে প্রশ্নবিদ্ধ হতে না হয় এবং দেশে একটা জোরালো বার্তা যায়।
তবে এ নিয়ে ভাষণে সরাসরি একটি শব্দও খরচ করেননি মোদি। তিনি নিজেকে আবদ্ধ রাখেন সংবিধান রচয়িতাদের দূরদৃষ্টি এবং প্রকৃত ভারতের মূল্যবোধে। তবে জানালেন, ‘সরকারের ধর্ম একটাই—সবার ওপরে দেশ। অহিংসা পরম ধর্ম। দেশের সব আদর্শ ও সব মূল্যবোধকে সঙ্গে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।’
ভারতের সংবিধান গৃহীত হওয়ার ৬৫তম বার্ষিকী এবং তার অন্যতম রূপকার বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পার্লামেন্টের দুই দিনের এই বিশেষ অধিবেশনের একটা বড় অংশ জুড়ে ছিল দেশজোড়া অসহিষ্ণুতা। এ প্রসঙ্গে গত বৃহস্পতিবার আমির খান প্রসঙ্গ উঠেছিল। শুক্রবারও সেই প্রসঙ্গ প্রকারান্তরে উঠে আসে দুই কক্ষের একাধিক সদস্যের কথায়।