অসহিষ্ণুতা নিয়ে লোকসভায় পাল্টাপাল্টি দোষারোপ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল মঙ্গলবার ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় জাত-ধর্মের ঊর্ধ্বে উঠে সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশের কথা শোনালেও নিম্নকক্ষ লোকসভায় সরকার ও বিরোধীদের মধ্যে দিনভর চলল অসহিষ্ণুতার প্রশ্নে তুমুল পাল্টাপাল্টি দোষারোপ। শেষ পর্যন্ত কংগ্রেসসহ বিরোধীরা লোকসভা থেকে ওয়াকআউট করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিরোধীদের প্রতি কটাক্ষ করে বলেন, সরকারের বক্তব্য শোনার মতো সহিষ্ণুতা বিরোধীরা দেখাতে পারলেন না। দেশবাসীই বিচার করবেন কারা সহিষ্ণু, কারা অসহিষ্ণু।
লোকসভায় কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী তীব্র ভাষায় সরকারকে আক্রমণ করে বলেন, আজ অবস্থা এতটাই খারাপ যে সরকারের বিরুদ্ধে যারাই সরব তাদের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা হচ্ছে। উদাহরণ গুজরাট। সেখানে ২০ হাজার পাটিদার আন্দোলনকারী এই অসহিষ্ণুতার শিকার। কেন্দ্রীয় মন্ত্রী সাবেক সেনাপ্রধান ভি কে সিং দলিত শিশুদের কুকুরের সঙ্গে তুলনা করছেন, ইকলাখ খুন হলেন, ফিল্ম ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা মাসের পর মাস আন্দোলন করছেন অথচ প্রধানমন্ত্রী নিরুত্তাপ।
সংবিধান নিয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রী গতকাল যা বললেন, গত শুক্রবার লোকসভাতে ঠিক সে কথাই বলেছিলেন। তাঁর কণ্ঠে ছিল ঐক্য, জোটবদ্ধতা ও সংবিধানের মূল্যবোধ রক্ষার সুর। লোকসভায় অসহিষ্ণুতা নিয়ে বিতর্ক ছিল ঠিক ততটাই উত্তপ্ত। রাহুল গান্ধী থেকে শুরু করে শশী থারুর, তৃণমূল কংগ্রেসের সুগত বসু, এনসিপির সুপ্রিয়া সুলেরা বিজেপির ‘একদর্শী নীতি ও সাম্প্রদায়িক রাজনীতির’ তীব্র সমালোচনা করে বলেন, মানুষের মনে আস্থা ফেরানোর দায়িত্বটা সরকারকেই নিতে হবে। অথচ তা না করে সরকারপ্রধান মৌন হয়ে রয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ইরাক, ইরান, সৌদি আরব, পাকিস্তান, বাহরাইনের উদাহরণ দিয়ে বলেন, ভারতই বিশ্বের সবচেয়ে সহিষ্ণু দেশ। এ দেশের সামাজিক ও ধর্মীয় স্থিতিশীলতা যারা নষ্ট করতে সচেষ্ট, সরকার তাদের ছাড় দেবে না। তাঁর ভাষণের মাঝেই কংগ্রেস, বাম, তৃণমূল কংগ্রেস, জনতা দল (সংযুক্ত), রাষ্ট্রীয় জনতা দল সদস্যরা ওয়াকআউট করেন। বিরোধীদের সহিষ্ণু হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ভারতের ইতিহাসে অসহিষ্ণুতার সবচেয়ে বড় তিন উদাহরণ হলো ১৯৪৭ সালের দেশ ভাগ, ১৯৭৫ সালের জরুরি অবস্থা জারি ও ১৯৮৪ সালের দিল্লি দাঙ্গা। তিনি বলেন, এত দিন ধরে এই দেশে এক ধারার শাসন চলে এসেছে। এই প্রথম ভিন্ন মতের শাসকেরা ক্ষমতায়। তাই এত গেল গেল রব।