অসহিষ্ণুতা নিয়ে উত্তপ্ত লোকসভা

অসহিষ্ণুতা নিয়ে বিতর্কে ভারতের লোকসভা সহিষ্ণুতার পরিচয় রাখতে পারল না। প্রায় গোটা দিন দফায় দফায় সভা মুলতবি হওয়ার পর আজ সোমবার বিকেলে বিতর্কিত মন্তব্যটি সভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর লোকসভা স্বাভাবিক হয়।
লোকসভার মতোই উত্তাল হয়ে ওঠে পার্লামেন্ট ভবন থেকে মাত্র ৩০০ মিটার দূরের প্রশস্ত সড়কটি। সেখানে দেশ জোড়া অসহিষ্ণুতার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছিল যুব কংগ্রেস। বিশাল সমাবেশের পর যুব কংগ্রেসের কর্মীরা সংসদ ভবন অভিমুখে অভিযান শুরু করলে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে সামান্য বল প্রয়োগ করে, পরে জলকামান ছোড়ে।
অসহিষ্ণুতা নিয়ে দেশের রাজনীতি বেশ কিছুকাল ধরেই সরগরম, যা বলিউড সুপারস্টার আমির খানের সাম্প্রতিক মন্তব্যের পর ভিন্ন মাত্রা পেয়ে যায়। শীতকালীন অধিবেশনে যে সেই বিতর্কের প্রতিফলন ঘটবে, দক্ষিণপন্থী শাসক দল বিজেপির তা জানাই ছিল। সেই কারণে এই বিষয়ে আলোচনার দাবি তারা অগ্রাহ্য করেনি।
সোমবার লোকসভায় সেই বিতর্ক শুরু করেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সিপিএম সদস্য মহম্মদ সেলিম। শুরুতেই তিনি একটি ইংরেজি সাময়িকীর এক নিবন্ধের উল্লেখ করে বিতর্কে ঘৃতাহুতি দেন। তিনি বলেন, দেশের প্রান্তিক মানুষ কী করে সাহস অর্জন করবে? কেননা, নির্বাচনের পর স্বরাষ্ট্রমন্ত্রী এক অনুষ্ঠানে বলেছিলেন, ৮০০ বছরের গোলামির পর দেশে একজন হিন্দু আবার প্রধানমন্ত্রী হলেন!
সেলিমের এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই বিরোধিতা শুরু হয়। বিজেপির সদস্যরা মন্তব্য প্রত্যাহারের দাবি জানান। সেলিম বলেন, এটা তাঁর কথা নয়। একটি সাময়িকীতে লেখা হয়েছে, তিনি তার উল্লেখ করেছেন মাত্র। সেলিম সাময়িকীটির উল্লেখও করেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সভায় উপস্থিত ছিলেন। এই ধরনের কোনো মন্তব্য কখনো করেননি জানিয়ে তিনি বলেন, গোটা রাজনৈতিক জীবনে এত ব্যথিত তিনি কখনো হননি। অতএব মন্তব্য প্রত্যাহার করা হোক।
গোলমালের মধ্যে স্পিকার সুমিত্রা মহাজন বলেন, এই মন্তব্যের যথার্থতা যাচাই হওয়া পর্যন্ত তা কার্যবিবরণীতে রাখা হবে না। কিন্তু তা সত্ত্বেও বিজেপি মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে অনড় থাকায় বারবার সভা মুলতবি হয়ে যায়। পার্লামেন্ট-বিষয়ক প্রতিমন্ত্রী রাজীব প্রতাপ রুডি জানিয়ে দেন, মন্তব্য প্রত্যাহার না হলে তাঁদের পক্ষে সভা চালানো সম্ভব নয়। সেলিমসহ বিরোধীরা বলতে থাকেন, স্পিকার রুলিং দেওয়া সত্ত্বেও মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার দাবি জানানো হচ্ছে। কার নির্দেশ মানা হবে তা হলে?
তিনবার সভা মুলতবি হওয়ার পর বিকেলে স্পিকার সুমিত্রা মহাজন সভায় এসেই বিতর্কিত মন্তব্য সভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার কথা ঘোষণা দেন। তাতে সভা শান্ত হয় ঠিকই, কিন্তু সেলিম ভাষণ শেষ করার আগে দুটি বিষয়ের উল্লেখ করেন। প্রথমটি, প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৪ সালে লোকসভায় নরেন্দ্র মোদির ভাষণের উল্লেখ, যেখানে তিনি ১২ শ বছরের গোলামির উল্লেখ করেছিলেন। দ্বিতীয় কথাটি রাজনাথ সিংয়ের উদ্দেশে। সেলিম বলেন, ব্যক্তিগতভাবে তিনি চেয়েছিলেন মোদি নন, রাজনাথ সিং ভারতের প্রধানমন্ত্রী হোন। মোদি ১২ শ বছরের গোলামির কথা বলেছিলেন, রাজনাথ ৩৩ শতাংশ ছাড় দিয়ে ৮০০ বছরের উল্লেখ করেছিলেন।
অসহিষ্ণুতার প্রশ্নে নরেন্দ্র মোদি এখনো প্রকাশ্যে তাঁর মতামত জানাননি। যদিও সেই দাবিতে বিরোধীরা সরব। সোমবার কিন্তু তা জানা গেল না মোদি প্যারিসে থাকায়।