অসহিষ্ণুতা নিয়ে উত্তপ্ত লোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অসহিষ্ণুতা নিয়ে বিতর্কে ভারতের লোকসভা সহিষ্ণুতার পরিচয় রাখতে পারল না। একটি বিতর্কিত মন্তব্যের জের ধরে প্রায় গোটা দিন দফায় দফায় সভা মুলতবি হয়। এরপর গতকাল সোমবার বিকেলে বিতর্কিত মন্তব্যটি সভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর লোকসভা স্বাভাবিক হয়।
লোকসভার মতোই উত্তাল হয়ে ওঠে সংসদ মার্গ। প্রশস্ত রাস্তায় সংসদ ভবন থেকে মাত্র ৩০০ মিটার দূরে দেশজোড়া অসহিষ্ণুতার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছিল যুব কংগ্রেস। বিশাল সমাবেশের পর যুব কংগ্রেস কর্মীরা সংসদ ভবন অভিযান শুরু করলে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে সামান্য বলপ্রয়োগ করে, পরে জলকামান ছোড়ে।
অসহিষ্ণুতা নিয়ে ভারতের রাজনীতি বেশ কিছুকাল ধরেই সরগরম, বলিউড সুপারস্টার আমির খানের সাম্প্রতিক মন্তব্যের পর যা ভিন্ন মাত্রা পেয়ে যায়। শীতকালীন অধিবেশনে যে সেই বিতর্কের প্রতিফলন ঘটবে, দক্ষিণপন্থী শাসক দল বিজেপির তা জানাই ছিল। সেই কারণে এই বিষয়ে আলোচনার দাবি তারা অগ্রাহ্য করেনি।
গতকাল লোকসভায় সেই বিতর্ক শুরু করেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। শুরুতেই তিনি একটি ইংরেজি সাময়িকীর এক নিবন্ধের উল্লেখ করে বিতর্কে ঘৃতাহুতি দেন। তিনি বলেন, দেশের প্রান্তিক মানুষ কী করে সাহস অর্জন করবে? কেননা নির্বাচনের পর স্বরাষ্ট্রমন্ত্রী এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘৮০০ বছরের গোলামির পর দেশে একজন হিন্দু আবার প্রধানমন্ত্রী হলেন!’
সেলিমের এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই বিরোধিতা শুরু হয়। মন্তব্য প্রত্যাহারের দাবি ওঠে। সেলিম বলেন, এটা তাঁর কথা নয়। তিনি মন্তব্যটি যে সাময়িকীতে প্রকাশিত হয়েছিল তার নামও বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সভায় উপস্থিত ছিলেন। এ ধরনের কোনো মন্তব্য কখনো করেননি জানিয়ে তিনি বলেন, গোটা রাজনৈতিক জীবনে এত ব্যথিত তিনি কখনো হননি। অতএব মন্তব্য প্রত্যাহার করা হোক।
গোলমালের মধ্যে স্পিকার সুমিত্রা মহাজন বলেন, এই মন্তব্যের যথার্থতা যাচাই হওয়া পর্যন্ত তা কার্যবিবরণীতে রাখা হবে না। কিন্তু তা সত্ত্বেও বিজেপি মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে অনড় থাকায় বারবার সভা মুলতবি হয়ে যায়। সংসদীয় প্রতিমন্ত্রী রাজীব প্রতাপ রুডি জানিয়ে দেন, মন্তব্য প্রত্যাহার না হলে তাঁদের পক্ষে সভা চালানো সম্ভব নয়। সেলিমসহ বিরোধীরা বলতে থাকেন, স্পিকার রুলিং দেওয়া সত্ত্বেও মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার দাবি জানানো হচ্ছে। কার নির্দেশ মানা হবে তাহলে?
তিনবার সভা মুলতবি হওয়ার পর বিকেলে স্পিকার সুমিত্রা মহাজন সভায় এসেই বিতর্কিত মন্তব্য সভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার কথা ঘোষণা করেন। তাতে সভা শান্ত হয় ঠিকই, কিন্তু সেলিম ভাষণ শেষ করার আগে দুটি বিষয়ের উল্লেখ করেন। প্রথমটি, প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৪ সালে লোকসভায় নরেন্দ্র মোদির ভাষণের উল্লেখ, যেখানে তিনি ১২০০ বছরের গোলামির উল্লেখ করেছিলেন। দ্বিতীয় কথাটি রাজনাথ সিংয়ের উদ্দেশে। সেলিম বলেন, ব্যক্তিগতভাবে তিনি চেয়েছিলেন, মোদি নন, রাজনাথ সিং ভারতের প্রধানমন্ত্রী হোন। মোদি ১২ বছরের গোলামির কথা বলেছিলেন, রাজনাথ ৩৩ শতাংশ ছাড় দিয়ে ৮০০ বছরের উল্লেখ করেছিলেন।
বিরোধীদের দাবি থাকলেও অসহিষ্ণুতার প্রশ্নে নরেন্দ্র মোদি এখনো প্রকাশ্যে তাঁর মতামত জানাননি। আজ মঙ্গলবারও লোকসভায় এ নিয়ে বিতর্ক চলবে। রাজ্যসভায়ও এই বিতর্ক আলোচনার জন্য উঠবে। সেখানেও মোদি এ নিয়ে কিছু বলেন কি না, তা নিয়ে এখন প্রশ্ন।