
অসহিষ্ণুতার প্রতিবাদে কংগ্রেসের পদযাত্রার পাল্টা জবাবে বিজেপি-পন্থীরা এবার আসরে নামছেন। মুম্বাইয়ের বিশিষ্ট অভিনেতা অনুপম খেরের উদ্যোগে লেখক, শিল্পী, কলাকুশলীরা আগামী শনিবার সকালে পদযাত্রা করে রাষ্ট্রপতি ভবনে যাবেন। রাষ্ট্রপতিকে তাঁরা বলবেন, অসহিষ্ণুতা নিয়ে সরকারের বিরুদ্ধাচরণ করে যাঁরা পুরস্কার ফেরত দিচ্ছেন, তাঁরা দেশকেই অপমান করছেন।
অসহিষ্ণুতা নিয়ে বিতর্ক থামার কোনো লক্ষণ এখনো পর্যন্ত নেই। বরং তা বেড়েই চলেছে। অসহিষ্ণুতা নিয়ে শাহরুখ খানের মন্তব্যের বিরুদ্ধে গত মঙ্গলবার প্রথম মুখ খোলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী। তিনি বলেছিলেন, শাহরুখের শরীর ভারতে থাকলেও মন পড়ে থাকে পাকিস্তানে। বুধবার অবশ্য তিনি জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি কাউকে আঘাত দিতে চাননি। কৈলাস নিজের মন্তব্য নিয়ে দোলাচলে থাকলেও শাহরুখকে একহাত নিয়েছেন বিজেপির উত্তর প্রদেশের গোরক্ষপুরের লোকসভা সাংসদ যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, শাহরুখের সঙ্গে মুম্বাই হামলার খলনায়ক হাফিজ সাঈদের কোনো ফারাক নেই। হাফিজ সাঈদের মতো শাহরুখও দেশদ্রোহী। দেশদ্রোহীদের সঙ্গে হাত মিলিয়ে তিনিও সরকারবিরোধিতায় মাঠে নেমেছেন। আদিত্যনাথ বলেন, শাহরুখের মনে রাখা দরকার, দেশের সংখ্যাগুরুরা তাঁর সিনেমা না দেখলে তাঁকে রাস্তায় দাঁড়াতে হতো।
অসহিষ্ণুতার নিদর্শন রেখে মুম্বাইয়ে শিবসেনারা পাকিস্তানি গায়ক গুলাম আলীর অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিল। সেই ঘটনার পরেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁকে দিল্লিতে অনুষ্ঠানের আমন্ত্রণ জানান। ৯ নভেম্বর সেই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু গুলাম আলী এখনই দিল্লি আসতে নারাজ। পাকিস্তানের সংবাদপত্রের খবর অনুযায়ী, ভারতে যেভাবে অসহিষ্ণুতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে, তাতে তিনি এ দেশে কোনো অনুষ্ঠানে আসতে রাজি নন। পরিস্থিতির বদল হলে অবশ্যই ভারতে আসবেন এবং সংগীতের কথা বলবেন, রাজনীতি নয়।