আংশিক বন্ধে অশান্ত মুম্বাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাই আজ অন্য চেহারা নিয়েছে। মারাঠা ক্রান্তি মোর্চার ডাকা বন্‌ধে এই মায়ানগরীর কিছু এলাকা অশান্ত। কিছু এলাকায় হিংসার আগুন জ্বলছে। তবে ছুটির মেজাজে নেই মুম্বাই। মুম্বাই বন্‌ধ্‌ থাকা সত্ত্বেও অফিসযাত্রীরা অফিসের উদ্দেশে রওনা দিয়েছেন। স্কুল-কলেজে আজ ছুটি ঘোষণা করা হয়েছে।

মহারাষ্ট্রে চাকরি ও শিক্ষা ক্ষেত্রে মারাঠা সম্প্রদায়ের আসন সংরক্ষণের জন্য আজ মুম্বাইজুড়ে বন্‌ধের ডাক দিয়েছে মারাঠা ক্রান্তি মোর্চা। মুম্বাইয়ে বিক্ষিপ্তভাবে এই বন্‌ধ্‌ পালন হচ্ছে। তবে বন্‌ধের ভয়াবহ চেহারা নিয়েছে নভি মুম্বাইতে। জানা গেছে, নভি মুম্বাইতে সরকারি বাস ‘বেস্ট’-এর পরিষেবা তারা বন্ধ রেখেছে।

মুম্বাইয়ের কিছু এলাকায় চলন্ত বাসের ওপর পাথর ছুড়ে মারা হয়েছে বলেও জানা গেছে। এর ফলে কিছু মানুষ জখম হয়েছে। এমনকি আন্দোলনকারীরা বিভিন্ন অঞ্চলে ট্রেন অবরোধ করেছে। এতে নিত্যযাত্রীরা অসুবিধায় পড়েছে। মুম্বাইয়ে কাছে থানে জেলার কিছু এলাকায় বন্‌ধের প্রভাব বেশি পড়েছে।

মারাঠা ক্রান্তি মোর্চার পক্ষ থেকে তারা দোকান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিল। তবে যারা তাদের অনুরোধ রাখেনি, সেসব দোকান ভাঙচুর করা হচ্ছে। তবে এই বন্‌ধে ভয়াবহ রূপ নিয়েছে পশ্চিম মুম্বাইয়ের লোয়ার পারেল, যোগেশ্বরী, নালাসোপারা, ভিরার অঞ্চলে। এসব অঞ্চলে দোকান ভাঙচুরের পাশাপাশি দোকানের সব জিনিসপত্র বাইরে ফেলে দিচ্ছে আন্দোলনকারীরা।

পশ্চিম মুম্বাইয়ে বিক্ষিপ্তভাবে ট্রেন ও রাস্তা অবরোধ করা হয়েছে। মধ্য মুম্বাইয়ের শায়ন, দাদার, পাওয়াই, পারেল অঞ্চলে বন্‌ধ্‌ পালন করা হচ্ছে। এসব অঞ্চলে সকালে দোকানপাট খোলা ছিল। কিন্তু আন্দোলনকারীরা সব দোকান এবং বাজার বন্ধ করতে বাধ্য করেছে। তাই এসব জায়গায় কার্যত বন্‌ধের চেহারা নিয়েছে। মধ্য মুম্বাইয়ের ব্যস্তবহুল এই এলাকাগুলো আন্দোলনকারীদের প্রভাবে ধীরে ধীরে সুনসান হয়ে যাচ্ছে।

গত সোমবার ২৮ বর্ষীয় মারাঠা আন্দোলনকারী কাকাসাহেব সিন্ধের আত্মহত্যার ঘটনায় এই বন্‌ধ্‌ ডাকা হয়। এই যুবক গোদাবরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এমনকি গতকাল মঙ্গলবার পাঁচ মারাঠা যুবকও আত্মহত্যার প্রচেষ্টা করেন। মারাঠা সমাজ দীর্ঘ সময় ধরে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে আসন সংরক্ষণের দাবি জানিয়ে এসেছে। কিন্তু মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে কোনো রকম হেলদোল ছিল না। তবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ সম্প্রতি আশ্বাস দিয়েছিলেন যে কোর্টের থেকে মারাঠা কোটা সংরক্ষণের ওপর রায় আসা না অবধি এই সম্প্রদায়ের ১৬ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। কিন্তু মারাঠা ক্রান্তি মোর্চার নেতৃত্বরা এই আশ্বাসে একমত হননি। তাই তাঁরা আগেই ৯ আগস্ট মহারাষ্ট্র বন্‌ধের প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। কিন্তু এরই মাঝে কাকাসাহেব সিন্ধের আত্মহত্যার ঘটনার পর তাঁরা তড়িঘড়ি বন্‌ধ্‌ ডাকতে বাধ্য হন।