আইআরএফ নিষিদ্ধ করা 'সাম্প্রদায়িক' সিদ্ধান্ত: জাকির নায়েক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকির নায়েক
জাকির নায়েক

পিস টিভির প্রতিষ্ঠাতা জাকির নায়েক ভারতে তাঁর প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) নিষিদ্ধ করাকে ‘সাম্প্রদায়িক সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন। একে ‘ন্যায়বিচার, শান্তি, গণতন্ত্র ও মুসলিমদের ওপর হামলা’ বলে উল্লেখ করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

আজ শুক্রবার তিন পাতার একটি খোলা চিঠিতে জাকির নায়েক এসব কথা বলেন। অজ্ঞাত স্থান থেকে দেওয়া ওই খোলা চিঠিতে তিনি বলেন, আইআরএফ নিষিদ্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিহত করতে এবং গণমাধ্যমের মনোযোগ অন্য দিকে সরাতে কেন্দ্রীয় সরকারের নোট কেলেঙ্কারির সময়টাতেই আইআরএফ নিষিদ্ধ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, আইআরএফ নিষিদ্ধের সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছে। এমনকি তদন্ত প্রতিবেদন পাওয়ার আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১৫ নভেম্বর আইআরএফকে নিষিদ্ধ করে ভারত সরকার। ভারতের বেআইনি কার্যক্রম (প্রতিরোধ) আইন (ইউএপিএ) অনুযায়ী এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, আইআরএফের বেআইনি কার্যক্রমের ‘জোরালো প্রমাণ’ পাওয়া গেছে।

জাকির নায়েক ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে জঙ্গিবাদে উসকানি দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। এমনকি ১ জুলাই ঢাকায় গুলশান হামলায় জড়িতরা জাকির নায়েকের বক্তব্যে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয় বলেও অভিযোগ রয়েছে।

এর প্রতিক্রিয়ায় জাকির নায়েক তিন ওই বিবৃতি দিলেন।