আইএস ঠেকাতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের মোকাবিলায় ভারতের বিভিন্ন রাজ্যকে এখন থেকেই সতর্ক ও সজাগ থাকতে হবে। গতকাল শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের ডাকা এক বৈঠকে এ কথা বলা হয়। স্বরাষ্ট্রসচিব এল সি গোয়েলের ডাকা এই বৈঠকে ১১ রাজ্যের স্বরাষ্ট্রসচিবেরা যোগ দেন। রাজ্যগুলো হলো জম্মু-কাশ্মীর, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, আসাম, মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি ও কেরালা।
সম্প্রতি জম্মু-কাশ্মীরে একাধিক বিক্ষোভ সমাবেশে আইএসের পতাকা দেখা গেছে। ভারত থেকে কিছু যুবক আইএসের ডাকে সাড়া দিয়ে সিরিয়ায় পাড়িও দিয়েছে। আইএসসহ অন্য ইসলামি জঙ্গি সংগঠনের প্রতি এভাবে আকৃষ্ট হওয়ার প্রবণতা কীভাবে ঠেকানো যায়, গতকালের বৈঠকে সে দিকেই জোর দেওয়া হয়। মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, এই বিষয়ে প্রতিটি রাজ্যই কেন্দ্র ও অন্য রাজ্য সরকারের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে তথ্য আদান-প্রদান করবে। অনলাইন সামাজিক মাধ্যমগুলোতে মৌলবাদী সংগঠনগুলোর প্রচারণা ও যুব সম্প্রদায়কে আকৃষ্ট করার কৌশল ঠেকানোর উপায় নিয়েও বৈঠকে আলোচনা হয়।
কেন্দ্রীয় সরকারের কাছে যেসব তথ্য এসেছে তাতে দেখা যাচ্ছে, শুধু দরিদ্ররাই নয়, শিক্ষিত উচ্চবিত্ত যুবকদের কেউ কেউ বিদেশ পাড়ি দিয়েছে। তারা ধর্মীয় আবেগে এই কাজ করেছে বলে সরকারি সূত্র মনে করে। বৈঠকে ঠিক হয়, প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি ধর্মীয় প্রচারক ও সমাজপতিদের এই প্রবণতা ঠেকাতে এগিয়ে আসতে অনুরোধ করা হবে। সামাজিক মাধ্যমগুলোর ওপরও নজরদারি বাড়ানো হবে।
মন্ত্রণালয় সূত্র অনুযায়ী, সম্প্রতি তেলেঙ্গানায় ১৭ জন যুবককে আটক করা হয়। মহারাষ্ট্র থেকেও আটক করা হয়েছে চারজনকে। এরা সবাই আইএসের হয়ে লড়াই করতে সিরিয়া ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে পাড়ি দিতে চাইছিল। সারা দেশে আরও ২৫ জনের খবর পাওয়া গেছে, যারা জিহাদে শরিক হতে দেশত্যাগে আগ্রহী। এদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিশেষজ্ঞদের দিয়ে ‘কাউন্সেলিং’ করা হয়েছে। নজরদারির মধ্যে এখন তারা সবাই স্বাভাবিক নাগরিক জীবন কাটাচ্ছে।
অতি সম্প্রতি সিরিয়ায় চার ভারতীয় অধ্যাপক লিবিয়ায় আইএসের হাতে বন্দী হন। দুজন মুক্তি পেলেও অন্য দুজন এখনো আইএস হেফাজতে। এই নিয়ে কংগ্রেস নেতা সাবেক মন্ত্রী মণীশ তিওয়ারি এক টুইটে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে কটাক্ষ করেছেন। সুষমা দুজনের মুক্তির খবর জানানোর পর মণীশ টুইট করে বলেন, ‘সুষমার মন্তব্যে মনে হচ্ছে, ভারত যেন লিবিয়ার আইএসদের সঙ্গে ব্যবসা করছে। মনে হচ্ছে লিবিয়ার সঙ্গে সুষমার যেন হটলাইন রয়েছে।’ মণীশের প্রশ্ন, পাঞ্জাবের যে ৫৭ জনকে আইএস অপহরণ করেছিল, তাদের কী হলো? মণীশ তিওয়ারির সমালোচনা করে বিজেপি মুখপাত্র নলিন কোহলি বলেন, ‘তাঁর সমস্যাটা কী, বোঝা যাচ্ছে না। ভারত সরকার অপহৃত ভারতীয়দের মুক্তির ব্যবস্থা করছে। এতে কংগ্রেসের অখুশি বা বিচলিত হওয়ার কারণ কী?’