আইএস রোহিঙ্গাদের ব্যবহার করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সর্বোচ্চ আদালতকে দেশটির সরকার বলেছে, রোহিঙ্গারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে তাদের যোগসূত্র থাকতে পারে এবং ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী তাদের ব্যবহার করতে পারে। এ কারণে রোহিঙ্গাদের ভারত থেকে বের করে দেওয়ার প্রক্রিয়ায় ‘হস্তক্ষেপ’ না করতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতকে ভারত সরকার আরও বলে, সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে রোহিঙ্গাদের একাংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। এসব সংগঠন জম্মু-কাশ্মীর, দিল্লি ও মেওয়াতে সক্রিয়।

দুজন রোহিঙ্গা অভিবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট শুনানি করতে সম্মত হওয়ার পর ভারতের সরকার আদালতকে এ কথা বলল। ওই দুই আবেদনকারী আদালতকে বলেছিলেন, রোহিঙ্গাদের ভারত থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তটি আন্তর্জাতিক সনদের লঙ্ঘন। তবে সরকার গতকাল সুপ্রিম কোর্টকে বলেছে, রোহিঙ্গাদের বের করে দেওয়ার এ প্রক্রিয়ায় কোনো ধরনের মৌলিক অধিকার লঙ্ঘিত হবে না। প্রায় ৪০ হাজার রোহিঙ্গা মুসলিম প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। গত মাসে এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু সংসদকে বলেন, দেশে থাকা অবৈধ অভিবাসীদের বের করে দিতে চায় সরকার। এর পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, রোহিঙ্গাদের সঙ্গে সন্ত্রাসী সংগঠনগুলোর সংশ্লিষ্টতা থাকতে পারে।