আইএসের টুইটার পরিচালনাকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পুলিশ মধ্যপ্রাচ্যের জঙ্গি ইসলামি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে টুইটার অ্যাকাউন্ট পরিচালনার অভিযোগে এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে ব্যাঙ্গালুরুর বাড়ি থেকে মেহেদি মাসরুর বিশ্বাস নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছে পুলিশ। খবর এনডিটিভির।
অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে মেহেদির ‘স্বামীউইটনেস’ নামের অ্যাকাউন্ট ছিল। যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল ফোরের সংবাদে গত বৃহস্পতিবার দাবি করা হয়, ওই টুইটারটি পরিচালনাকারী আইএসের সদস্য সংগ্রহে বড় ভূমিকা পালন করেন। সেই ব্যক্তি ব্যাঙ্গালুরুতে থাকেন বলেও খবরে উল্লেখ করা হয়।
খবরে আরও বলা হয়, ‘তাঁর টুইট প্রতি মাসে ২০ লাখ বার দেখা হয়। ইসলামিক স্টেটের টুইটার অ্যাকাউন্টের মধ্যে এটি সবচেয়ে বেশি প্রচারিত। এর অনুসরণকারীর সংখ্যা ছিল ১৭ হাজার ৭০০।’
তবে চ্যানেল ফোরের প্রতিবেদনটি প্রচারের আগে থেকেই ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এনআইএ) ওই অ্যাকাউন্টটির ওপর নজরদারি করছিল। ভারতের গোয়েন্দা সূত্র বলেছে, আল-কায়েদা বা আইএসের সঙ্গে মেহেদির সরাসরি কোনো যোগাযোগ ছিল না। তিনি স্বতঃপ্রণোদিত হয়েই এর সঙ্গে জড়িয়েছিলেন।